ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের পরিচালিত একটি ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। হামলায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ড্রোন আঘাত হানার পর কারখানাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলার পর ঘটনাস্থল থেকে আকাশের দিকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
কুসুম গ্রুপ ১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রপ্তানিকারক ও পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করে। ভারতীয় নাগরিক রাজীব গুপ্তর নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি নিজেদের ‘ভারতীয় মূলধারার ইউক্রেনীয় কোম্পানি’ হিসেবে পরিচয় দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওষুধ উৎপাদনে প্রবেশের আগে ২০০২ সালে নিজস্ব ব্র্যান্ড তৈরির কার্যক্রম শুরু করে কুসুম গ্রুপ। এরপর ২০০৭ সালে ভারতে একটি কারখানা স্থাপন করে প্রতিষ্ঠানটি। দুই বছর পর ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে তাদের কারখানা চালু হয়।
বর্তমানে কুসুম গ্রুপ ৫০টির বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করে। এসব ওষুধ ইউক্রেনের পাশাপাশি উজবেকিস্তান, কাজাখস্তান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের বাজারে বিক্রি করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময় সুমিতে অবস্থিত কারখানাটির কার্যক্রম চালু ছিল। তবে রোববারের ড্রোন হামলায় প্রতিষ্ঠানটির ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় প্রায় ৪০০ কোটি রুপি আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রুশ হামলার নিন্দা জেলেনস্কির
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহত কর্মীর পরিবারের সদস্য ও স্বজনদের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত হামলায় একজন নিহত হয়েছেন। তার পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।’
বিজ্ঞাপন
জেলেনস্কি আরও জানান, রাশিয়ার ড্রোন কিয়েভের পিভনিচনি সেতু এবং দিনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রেও আঘাত হেনেছে। এসব হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: এনডিটিভি।








