বারান্দা থেকে পড়ে যাওয়া শিশুকে নায়কের মতো বাঁচালেন যুবক

মিশরের গিজা গভর্নরেটের ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলার বারান্দা থেকে পড়ে যাচ্ছিল প্রায় চার বছরের এক শিশু। ঠিক সেই মুহূর্তে দৌড়ে গিয়ে শিশুটিকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেন আহমেদ রাগাব নামে এক যুবক। তার সাহসিকতার সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বিজ্ঞাপন
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আহমেদ। হঠাৎ পাশের ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে একটি শিশুকে নিচে পড়ে যেতে দেখেন তিনি।
শিশুটি প্রথমে বারান্দার কাপড় শুকানোর দড়ির ওপর পড়ে যায়। এতে তার নিচে পড়ার গতি কিছুটা কমে যায়। পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দৌড়ে যান আহমেদ। এরপর মাটিতে আছড়ে পড়ার আগেই শিশুটিকে ধরে ফেলেন তিনি।
শিশুটিকে নিরাপদে ধরার পর আহমেদকে কিছুক্ষণ বারান্দার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। পরে শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে সরে যান তিনি। এরপর রাস্তার পাশে থাকা একটি গদির ওপর ভর দিয়ে দাঁড়ান আহমেদ। ধারণা করা হচ্ছে, আকস্মিক ঘটনার ধাক্কা সামলে নিতে তিনি কিছুটা সময় নিচ্ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যমকে আহমেদ বলেন, ‘ভাবার বা ঝুঁকি হিসাব করার সময় ছিল না। আমার মাথায় শুধু ছিল, মাটিতে পড়ার আগে শিশুটিকে বাঁচাতে হবে।’
আহমেদ তার বাবার দোকানে কাজ করেন। তিনি জানান, প্রথমে চিৎকারের শব্দ শুনে বাইরে তাকান। তখন দেখতে পান, প্রায় চার বছরের শিশুটি বারান্দার কাপড় শুকানোর দড়িতে আটকে নিচে পড়ে যাচ্ছে। এরপরই শিশুটিকে বাঁচাতে ছুটে যান তিনি।
শিশুটিকে নিরাপদে ধরার পর নিজেও বেশ ভীত হয়ে পড়েন আহমেদ। তিনি বলেন, ‘আমি কাঁপছিলাম। কী ঘটেছে, তা বুঝে উঠতে চেষ্টা করছিলাম। আমি সাহস হারিয়ে ফেলেছিলাম।’
বিজ্ঞাপন
শিশুটিকে বাঁচানোর ঘটনায় স্থানীয় মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা আহমেদের সাহসের প্রশংসা করেছেন। অনেকে তাকে ‘হিরো’ হিসেবেও অভিহিত করেছেন।
তবে নিজের কাজকে বীরত্ব হিসেবে দেখছেন না আহমেদ। বরং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আহমেদ বলেন, শিশুদের কখনো বারান্দা বা জানালার কাছে একা রাখা উচিত নয়। সেখানে চেয়ার বা অন্য কোনো আসবাব থাকলে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।
বিজ্ঞাপন
এ ছাড়া সিনেমার সুপারহিরোদের অনুকরণ না করার জন্যও শিশুদের সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, সিনেমায় সুপারহিরোদের উড়তে দেখা গেলেও বাস্তবে এমন কিছু করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক।








