শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর: পুতিন

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মহান দায়িত্ব ও আহ্বান বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিক্ষক দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিক্ষকরাই শিক্ষার্থীদের চিন্তা করতে শেখান, চরিত্র গঠনে সহায়তা করেন এবং ভালো কাজে অনুপ্রাণিত করেন।
বিজ্ঞাপন
শিক্ষক ও শিক্ষাবিদদের উদ্দেশে পুতিন বলেন, ‘শিক্ষক হওয়া শুধু একটি পেশার চেয়ে অনেক বেশি কিছু। এটি একটি মহান দায়িত্বপূর্ণ আহ্বান। এর জন্য প্রজ্ঞা, ধৈর্য এবং শিশু ও শিক্ষার্থীদের প্রতি অবিরাম যত্নের পাশাপাশি প্রত্যেক শিশু ও তরুণের অনন্য প্রতিভা ও ভালো গুণগুলো বিকশিত করার সক্ষমতা প্রয়োজন।’
তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক যত্ন, অভিজ্ঞতা ও সংবেদনশীলতা শিক্ষার্থীদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করে। শিক্ষকদের পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা শিক্ষার্থীদের পরবর্তী প্রাপ্তবয়স্ক জীবনের ভিত্তি গড়ে দেয়।
পুতিনের মতে, তরুণ প্রজন্ম স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—যে পর্যায়েই থাকুক না কেন, তারা যেখানে বাস করুক, নিজেদের একটি বৃহৎ ও ঐক্যবদ্ধ দেশের অংশ হিসেবে অনুভব করা গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই তাদের বহুজাতিক রাশিয়ার বিভিন্ন সংস্কৃতি ও স্বতন্ত্র ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে মানুষকে ঐক্যবদ্ধ রাখা মূল্যবোধের গুরুত্ব বোঝানো প্রয়োজন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জনগণের ঐক্যের বছর হিসেবে ঘোষিত চলতি বছরে শিক্ষকদের এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। অভিন্ন মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গিই ইতিহাসজুড়ে রাশিয়াকে নিজস্ব পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
আগের প্রজন্মের রেখে যাওয়া ঐতিহ্য এবং সমসাময়িকদের অর্জন নিয়ে গর্ব করার পাশাপাশি প্রতিটি সাফল্য, বিজয় ও অর্জনের পেছনে শিক্ষকদের অবদান রয়েছে বলে মন্তব্য করেন পুতিন।
তিনি আরও বলেন, চলতি বছর থেকে শিক্ষকদের বিশেষ মর্যাদা রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষকতার দায়িত্বের প্রতি সমাজের উচ্চ মর্যাদার প্রতিফলন ঘটেছে এবং শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা ও পেশাগত উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
পেশাগত দক্ষতার বিভিন্ন প্রতিযোগিতার গুরুত্বও তুলে ধরেন পুতিন। তার মতে, এসব প্রতিযোগিতা শুধু মেধাবী ও দক্ষ শিক্ষকদের স্বীকৃতি দেয় না, বরং উদ্ভাবনী, কার্যকর ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি বিনিময়ের সুযোগও তৈরি করে। এতে সামগ্রিক শিক্ষার মান উন্নত হয়।
পুতিন বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ পুরো শিক্ষাব্যবস্থার অবকাঠামো আধুনিকায়নের কাজ অব্যাহত থাকবে। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আরামদায়ক করে তোলার পাশাপাশি জাতীয় শিক্ষাব্যবস্থার সেরা ঐতিহ্য সংরক্ষণ ও সমৃদ্ধ করা হবে। একই সঙ্গে আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যত নতুন প্রযুক্তিই যুক্ত হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অপরিবর্তিত থাকবে—শিক্ষক নিজেই। শিক্ষকদের নিষ্ঠা ও প্রতিদিনের নিরলস কাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।
বিজ্ঞাপন
পুতিন বলেন, ‘আপনারাই শিক্ষার্থীদের চিন্তা করতে শেখান, তাদের চরিত্র গঠনে সহায়তা করেন এবং ভালো কাজ করতে অনুপ্রাণিত করেন’।








