Logo

ককরোচদের ঠেকাতে এবার আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১৬:১৯
ককরোচদের ঠেকাতে এবার আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ছবি: সংগৃহীত

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের বিরোধিতা করে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে সংগঠনটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, ভারতের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলনের সমালোচনা করেন লাল হিট জনতা পার্টির নেতারা। তাঁদের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান কর্মসূচি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে এসব বিক্ষোভের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

নবগঠিত দলটির প্রধান অয়ন ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার লক্ষ্য নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। প্রথম সমাবেশে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অল্প সময়ের নোটিশে কতসংখ্যক মানুষকে একত্র করা সম্ভব, তা তুলে ধরাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সিজেপির আন্দোলনের সমালোচনা করে ভাটনগর বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সীমাবদ্ধ রাখলে চলবে না, মানুষকে রাজপথেও সক্রিয় হতে হবে। তবে তাঁর অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনসাধারণের আস্থা দুর্বল করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি প্রসঙ্গে ভাটনগর বলেন, আজ যদি সিইসির পদত্যাগ দাবি করা হয়, তাহলে আগামীকাল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে পারে। তাঁর মতে, কোনো দাবির পক্ষে বিপুলসংখ্যক মানুষ জমায়েত হলেই তা মেনে নেওয়া যায় না।

ভারতে ২০২৩ সালে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য চালু হওয়া পদ্ধতির প্রসঙ্গও তুলে ধরেন ভাটনগর। তিনি বলেন, ওই প্রক্রিয়ায় বিরোধীদলীয় নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সিইসির পদত্যাগের দাবি জানানোর আগে নিয়োগপ্রক্রিয়া এবং পূর্ববর্তী প্রধান নির্বাচন কমিশনারদের কার্যকাল পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, সিজেপির বিক্ষোভের কারণে দিল্লিসহ বিভিন্ন শহরে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সাংবাদিক পবনের দাবি, আন্দোলনের ফলে ব্যবসায়ীদের প্রায় তিন হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। তাঁর আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এসব আর্থিক ক্ষয়ক্ষতির দাবির পক্ষে বিস্তারিত তথ্য সমাবেশে উপস্থাপন করা হয়নি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্যশিল্পী রিচা গুপ্তও। তিনি ভারতের জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থন প্রকাশ করেন।

সমাবেশের শেষপর্বে লাল হিট জনতা পার্টির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD