প্রার্থনার মাঝেই যিশুর ক্রুশ ভেঙে পড়ে প্রাণ গেল যাজকের

ইকুয়েডরের একটি গির্জায় প্রার্থনা পরিচালনার সময় দেয়ালে ঝোলানো বিশাল ক্রুশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন যাজক প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। সমবেত ভক্তদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গির্জার প্রার্থনা সভার সরাসরি সম্প্রচারের ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৬ অক্টোবর) গির্জার বেদির সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন ফাদার সানচেজ মোলিনারি। এ সময় তাঁর পেছনের দেয়ালে স্থাপিত বিশাল ক্রুশটি হঠাৎ খুলে সরাসরি তাঁর ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রোববার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়টি প্রকাশ করা হয়। প্রার্থনা সভার সিসিটিভি ফুটেজে ক্রুশটি ভেঙে পড়ার দৃশ্য ধারণ হওয়ায় ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাজকের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্চডায়োসিস অব গিয়াকিল। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রতিষ্ঠানটি প্রয়াত যাজকের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাঁর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানায়।
বিজ্ঞাপন
ফাদার সানচেজ মোলিনারি সংশ্লিষ্ট গির্জার প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সক্রিয় সদস্য ছিলেন।
ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এমন আকস্মিক দুর্ঘটনায় একজন যাজকের মৃত্যুতে স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি








