মারা গেলেন ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার নারী সারহুদা

আলজেরিয়ার প্রবীণতম নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি আর নেই। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। জীবনের শেষ প্রান্তে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া তাঁর হজ পালনের একটি বিশেষ ভিডিও প্রকাশের পাশাপাশি মৃত্যুর খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা প্রদেশের শিনিউ এলাকায় জন্মগ্রহণ করেন সারহুদা। পরবর্তী সময়ে তিনি তেবেসা শহরে বসবাস শুরু করেন। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, বিশাল পরিবার এবং বার্ধক্যে এসে হজ পালনের মধ্য দিয়ে তিনি দেশটির মানুষের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেন।
মাত্র ২০ বছর বয়সে বিয়ে হয়েছিল সারহুদার। তাঁর ১৫ সন্তান ছিল। জীবনের দীর্ঘ সময় তিনি সন্তান, নাতি-নাতনি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন। পরিবারকেন্দ্রিক জীবনযাপন এবং দীর্ঘায়ুর কারণে স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।
২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করেন সারহুদা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে সৌদি আরবে তাঁর এই যাত্রা তখন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এর আগে তিনি দুইবার পবিত্র ওমরাহ পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সারহুদার জীবনের সময়কাল আলজেরিয়ার ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। ১৮৯৪ সালে তাঁর জন্ম হয়ে থাকলে তিনি ফরাসি ঔপনিবেশিক শাসন, স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৬২ সালে আলজেরিয়ার স্বাধীনতা অর্জনের সময়কাল প্রত্যক্ষ করেছেন। স্বাধীনতা-পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনেরও সাক্ষী ছিলেন তিনি।
তেবেসা শহরে পরিবারের সঙ্গে কাটানো সারহুদার দীর্ঘ জীবন আলজেরিয়ার মানুষের কাছে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। তাঁর জীবনকাহিনি শুধু দীর্ঘায়ুর উদাহরণ নয়, বরং দেশটির ইতিহাসের নানা পর্যায় এবং একাধিক প্রজন্মের পরিবর্তনেরও প্রতিচ্ছবি।
তবে তাঁর বয়স ১৩২ বছর হওয়ার তথ্যটি প্রচলিত জন্মসনের ওপর নির্ভরশীল; স্বাধীনভাবে যাচাইকৃত জন্মনথি ছাড়া সঠিক বয়স নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন।








