বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব, এক বছরে তিন ঈদ ও দুই হজ!

সাধারণত এক বছরে দুটি ঈদ ও একবার হজ অনুষ্ঠিত হয়। তবে হিজরি চান্দ্র বর্ষ ও ইংরেজি সৌরবর্ষের সময়ের পার্থক্যের কারণে বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ২০৩৯ সালে একই ইংরেজি বছরে দুইবার হজ ও তিনটি ঈদ হতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ।
বিজ্ঞাপন
হিজরি বছর চাঁদের গতির ওপর নির্ভরশীল হওয়ায় এতে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। অন্যদিকে সৌরবর্ষে ৩৬৫ বা ৩৬৬ দিন থাকে। ফলে প্রতি বছর হিজরি তারিখ ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।
এই হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহা আসবে। ৬ জানুয়ারি হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ পালিত হবে ঈদুল আজহা। একই দিন হজের শেষ দিনও হবে।
এর প্রায় ১২ মাস পর আবার হজের সময় ফিরে আসবে। ২০৩৯ সালের ২৬ ডিসেম্বর হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা। অর্থাৎ একই ইংরেজি বছরে মক্কায় দুইবার হজের মৌসুম পড়বে।
বিজ্ঞাপন
দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ১৯ অক্টোবর পালিত হওয়ার কথা ঈদুল ফিতর। ফলে ২০৩৯ সালে দুটি কোরবানির ঈদ ও একটি ঈদুল ফিতর—মোট তিনটি ঈদ দেখার সম্ভাবনা রয়েছে।
এ ধরনের ব্যতিক্রম শুধু হজ বা ঈদের ক্ষেত্রেই নয়। ২০৩০ সালেও একই ইংরেজি বছরে দুবার রমজান মাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে জানুয়ারিতে একটি রমজান শুরু হবে, এরপর ডিসেম্বর মাসে শুরু হবে আরেকটি। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে।





