পীরই একমাত্র মাধ্যম যাহার দ্বারা খোদাপ্রাপ্তিতত্ত্ব লাভ করা যায়

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘মেরাজ তত্ত্ব’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ নামাজের বিভিন্নস্তর (তথা নাফসে আম্মারা স্তরের নামাজ, লাওমা স্তরের নামাজ, মোৎমাইন্ন্যা স্তরের নামাজ এবং মে'রাজের প্লাটফর্মে নামাজ) সম্পর্কে আলোচনা এবং মে'রাজের প্লাটফর্মে নামাজ আদায়ের যোগ্যতা অর্জনের উপায় সম্পর্কেও আলোচনাঃ
বিজ্ঞাপন
মহান খোদাতায়ালার প্রতি ঈমান আনয়নের পরে মানুষের জন্য আল্লাহতায়ালা যতগুলো আমল নির্ধারণ করিয়াছেন, তাহাদের মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ ইসলামের ভিত্তি এবং ধর্মের খুঁটি। তোমরা নামাজে দাঁড়াইয়া বল,
إِنَّى وَجَهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَ الْأَرْضَ حَنِيفًا وَ مَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
অর্থাৎ-নিশ্চয় সেই মহান আল্লাহর দিকে রুজু হইলাম, যিনি আসমান সমূহ এবং জমীন সৃষ্টি করিয়াছেন এবং আমি তাহার সংগে কাহাকেও শরীক করিব না। অর্থাৎ আল্লাহকেই স্মরণ করিয়া আল্লাহকেই সেজদা করিবে এবং তাঁহার সাথে অন্য কাহাকেও শরীক করিবে না-এই ওয়াদা, এই শপথ বাণী উচ্চারণ করিয়া নামাজ শুরু কর। যেইমাত্র তুমি নামাজে দাঁড়াও, তখনই তোমার মন পাগলা হাতির মত ছুটাছুটি শুরু করিয়া দেয়। বাল্য জীবনের কত পুরাতন বন্ধুর স্মৃতি, কত মামলা মকদ্দমার কথা তোমাদের কালবে আসিয়া ভিড় করে। মন সেই দিকে ঘুরিয়া যায়। আল্লাহকে স্মরণ রাখিয়া সেজদা করার ওয়াদা করিয়াও তোমরা সে ওয়াদা রক্ষা করিতে পার না। তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও। শয়তানের পক্ষ হইতে নাফসে আম্মারা তোমাদের দেহাভ্যন্তরে এক সিপাহশালার। সে তোমাদের সর্বদাই আল্লাহকে ভুলাইয়া রাখে। মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার চিন্তা এমন নামাজে কোন ফল নাই। মৌখিক ভালবাসার কোন দাম নাই, মূল্য নাই। ইহাকে লিপ সিমপ্যাথী বলা হয়।
বিজ্ঞাপন
নামাজের দুইটি দিক বা অবস্থা রহিয়াছে। একটি জাহেরী অবস্থা যাহাকে দেহের সহিত তুলনা করা যায়, আর একটি বাতেনী অবস্থা যাহাকে প্রাণের সহিত তুলনা করা যায়। প্রাণ বিনা দেহের কোন মূল্য নাই। আল্লাহর স্মরণ বিহীন নামাজেরও কোন দাম নাই। এই মন এবং মুখ একত্র করিয়া আল্লাহকে হাজের, নাজের, ওয়াহেদ জানিয়া সেজদা করিতে হয়। যে নামাজে আল্লাহর স্মরণ অনুপস্থিত, সে নামাজ নামাজ হিসাবে স্বীকৃত নয়। নামাজের আসল উদ্দেশ্য হইল; নামাজে প্রথম হইতে শেষ পর্যন্ত ভয়-ভীতি ও বিনয়ের সহিত আল্লাহকে হাজের-নাজের, ওয়াহেদ জানিয়া, আল্লাহতে তন্ময় থাকা। তাই আল্লাহ পাক বলেন,
وَ أَقِمِ الصَّلوةَ لِذِكْرِي
অর্থাৎ-'আমার স্মরণের জন্য নামাজ পড়।' (সূরা ত্বহাঃ ১৪)
বিজ্ঞাপন
কাজেই আল্লাহর স্মরণবিহীন নামাজ পন্ডশ্রমের নামান্তর। পরিশ্রম এবং ক্লান্তি ব্যতীত এই নামাজে নামাজীর কোন লাভ হয় না। আল্লাহকে ভুলাইয়া রাখা নাফসে আম্মারার কাজ। নাফসে আম্মারা আল্লাহর শত্রু। আল্লাহকে ভুলিয়া যে কেহ নামাজে দুনিয়াবী চিন্তায় মশগুল থাকে, সে তো নাফসের দাসত্ব করে। এই মর্মেই আল্লাহপাক বলেন,
أَفَرَعَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَهُ
অর্থাৎ-"তুমি কি তাহাকে দেখিয়াছ যে ব্যক্তি স্বীয় নাফসকে, স্বীয় প্রবৃত্তিকে নিজের মাবুদ বা নিজের খোদা বলিয়া সাব্যস্থ করিয়াছে?" (সূরা জাসিয়াঃ ২৩)
বিজ্ঞাপন
কাজেই আল্লাহপাককে বাদ দিয়া যে নাফসে আম্মারার দাসত্ব করিবে, সে আল্লাহতায়ালার ক্রোধানলে দগ্ধ হইবে। হযরত হাসান বছরী (রাঃ) ছাহেব বলেন, যে নামাজির মন আল্লাহর হুজুরে হাজির না থাকে তাহা শাস্তির নিকটবর্তী এবং ছওয়াব হইতে দূরবর্তী। কোন ভৃত্য যদি তাহার মালিকের খাদ্যে প্রতিপালিত হইয়া মালিকের শত্রুর সেবায় নিয়োজিত হয়, তাহার মালিক নিশ্চয়ই তাহার উপর গোস্বা হইবে। নামাজকে ফরজ করা হইয়াছে। ইহা বাদ দিলে চলিবে না। আবার ভয়-ভীতি, একাগ্রতা, তন্ময়তা সহ আল্লাহতায়ালাকে হাজের, নাজের, ওয়াহেদ জানিয়া সেজদা করাও কঠিন।
স্তরভেদে নামাজ কয়েক প্রকারের। তোমরা যে নামাজ আদায় কর, যেখানে নামাজের জাহেরা শর্ত সমূহ পুরাপুরিই পালন কর কিন্তু বাতেন বা খোদাতায়ালার স্মরণ অনুপস্থিত থাকে; ইহা নাফসে আম্মারা স্তরের নামাজ। এই নামাজকে কেয়ামতের মাঠে নামাজীর মুখের উপর ছুড়িয়া মারা হইবে। প্রাণ বিহীন এই অপূর্ণ নামাজ নামাজীকে অভিসম্পাত করে। কাজেই প্রত্যেক নামাজীর কর্তব্য নামাজকে অপূর্ণতা হইতে পূর্ণতার দিকে আগাইয়া নেওয়া। এই জন্য নাফসের করাল গ্রাস হইতে নিজেকে, নিজের কালবকে মুক্ত করিতে হইবে। কিন্তু নাফসকে চেনা, নাফসের ধোকা বুঝিবার ক্ষমতা সাধারণ মুসলমানের থাকে না। হযরত মাওলানা রূমী (রঃ) ছাহেব বলেন,
"হিসনা কোশাদ মারে রাজো জাল্লেপীর
বিজ্ঞাপন
দামনে আ নাফসরে কোশরা সাফত গীর।"
অর্থাৎ-তোমরা যদি নাফসরূপী কাল সাপের হাত হইতে বাঁচিতে চাও তবে নাফস হস্তা মোর্শেদে কামেলকে শক্ত করিয়া ধর।
মোর্শেদে কামেলসকল জানেন কি ভাবে নাফসকে হেদায়েত করিতে হয়। সাধারণ মানুষের সাধ্য কি যে সে নাফসের ধোকার সীমা নিরুপণ করে? মোর্শেদে কামেলের তাওয়াজ্জুহ এত্তেহাদীর প্রয়োগে মুরীদের নাফস দুর্বল হয় এবং মুরীদের কালব কালিমা থেকে পবিত্র হয়। প্রাথমিক স্তরের নামাজী পীরের নির্দেশিত পথে জেকের আজকার এবং অন্যান্য ওজিফা ঠিক ঠিক মত প্রতিপালন করিয়া পীরের নেক দৃষ্টি লাভ করে। ফলে তাহার কালব পরিচ্ছন্ন হয় এবং নামাজী নাফসে আম্মারার স্তর হইতে নাফসে লাওমার দিকে অগ্রসর হয়।
বিজ্ঞাপন
নাফসে লাওমার স্তরে নামাজী কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করে আবার কিছুক্ষণ আল্লাহকে ভুলিয়া নাফসে আম্মারার পায়রবী করে, দুনিয়াবী চিন্তায় মশগুল হয়। যতটুকু সময় নামাজে সে আল্লাহতে নিমগ্ন থাকে ততটুকু কবুলিয়াতের যোগ্যতা প্রাপ্ত হয়। বাকী অংশটুকু কবুল যোগ্য হয় না। এই স্তর পর্বের স্তরের চেয়ে ভাল। তাহার পর পীরে কামেলের তাওয়াজ্জুহ এত্তেহাদীর বলে মুরীদের কালব পরিচ্ছন্ন হয় এবং আল্লাহর নূরের জেলাল প্রতিবিম্বিত হয়। মহাকালব হইতে তাজাল্লীয়াতে জাত, তাজাল্লীয়াতে সিফাত ও তাজাল্লীয়াতে আফয়ালের নূর কালবে প্রতিফলিত হয়। ফলে নামাজী সেই নূরে পথ দেখিয়া ঊর্ধ্বলোকের পানে উরুজ ও ছায়ের করিয়া প্রতিবিম্বের জগত, বেলায়েতে ছোগরায় পৌঁছায়। এখানে সিফাতে এজাফিয়া ও সিফাতে হাকীকীর নূর একত্রিত হইয়া নূরের এক বিশাল সমুদ্র তৈরী করে যাহার কোন কুল কিনারা নাই। এই স্তরে নামাজী খোদাতায়ালা ভিন্ন সব কিছুই ভুলিয়া যায়। সে শুধু খোদাতায়ালার নূরই দেখে। অন্য কোন কিছুই তাহার চোখে পড়ে না। এমন কি নিজেকেও না। এই স্তরে নামাজী মানবীয় দোষত্রুটি হইতে মুক্ত হইয়া খোদাতায়ালার নূরে বিলীন অবস্থায় খোদাতায়ালাকে সেজদা করে। ইহা নাফসে মোৎমাইন্না স্তরের নামাজ। এখানে নাফস তাহার আল্লাহ বিরোধী স্বভাব ত্যাগ করিয়া খোদাতায়ালাতে রাজী থাকে। এই স্তরে নামাজীর সাথে আল্লাহতায়ালার কথা হয় এবং নামাজ কবুলিয়াতের সংবাদ সে প্রাপ্ত হয়। হযরত রাসূলে করীম (সঃ) ফরমান,
لا صَلوةَ إِلَّا بِحُضُورِ الْقَلْبِ
অর্থাৎ-নামাজই নয় হুজুরে কালব ব্যতীত। এই নাফসে মোৎমাইন্ন্যার স্তরে নামাজী 'হুজুরে কালব'-এ নামাজ পড়িতে সক্ষম হয়। হযরত মাওলানা রূমী (রঃ) বলেন,
বিজ্ঞাপন
"যদি চাহ্ কথা কহ আল্লাহর সহিতে
নামাজ পড় হে তবে হুজুরে দেলেতে।"
একদা হযরত জোনায়েদ বোগদাদী (রঃ) এবং শায়খ হযরত শিবলী (রঃ) ছাহেব ওজু করিবার উদ্দেশ্যে দজলা নদীতে গেলেন। সেখানে দেখিলেন একজন কাঠুরিয়াকে যিনি তাহার কাঠের বোঝা পার্শ্বে নামাইয়া রাখিয়া ওজু করিতেছেন। ওজু করিবার সময় হযরত জোনায়েদ বোগদাদী (রঃ) এবং হযরত শায়খ শিবলী (রঃ) পরস্পর বলাবলি করিতে লাগিলেন যে, কাঠুরিয়া কোন উচু স্তরের বুজুর্গ হইবেন। তাহারা দু'জনই ঐ কাঠুরিয়াকে ইমামতি করিবার জন্য অনুরোধ জানাইলে তিনি নামাজে ইমামতি করিলেন কিন্তু রুকু এবং সেজদাতে অনেকক্ষণ সময় অতিবাহিত করিলেন। নামাজ শেষে তাঁহারা কাঠুরিয়াকে জিজ্ঞাসা করিলেন, "হুজুর! আপনি রুকু এবং সেজদায় এত সময় ব্যয় করিলেন কেন"? উত্তরে কাঠুরিয়া বলিলেন, "আমি রুকু এবং সেজদাতে প্রত্যেকটি তাছবিহ পাঠ করিবার সময় যতক্ষণ না "লাব্বায়েক আবদি" শুনিতাম ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় তাকবির বলিতাম না। রুকু এবং সেজদাতে বিলম্ব হওয়ার ইহাই কারণ। এই নামাজ হুজুরী কালবের নামাজ। এই নামাজে নামাজী একাগ্রতা ও তন্ময়তার সহিত আল্লাহতে নিমগ্ন থাকে। আল্লাহ ভিন্ন আর কোন কিছুই তাহার হৃদয়পটে আসে না। এই মোৎমাইন্ন্যা স্তরের নামাজ নামাজীকে যাবতীয় পাপ কার্য হইতে বিরত রাখে। আল্লাহপাক বলেন,
বিজ্ঞাপন
إِنَّ الصَّلوةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَ الْمُنْكَرِ -
অর্থাৎ-'নিশ্চয়ই নামাজ সমস্ত নিকৃষ্ট ও জঘণ্য কার্য সমূহকে দূর করে।' (সূরা আন্কাবুতঃ ৪৫) এই স্তরে নামাজীর মধ্যে এমন এক নূর পয়দা হয় যাহার বরকতে ঐ নামাজী যাবতীয় পাপ ও পংকিলতা মুক্ত হন। কিন্তু ইহাই নামাজের শেষ স্তর নয়।
ইহার উপরে নামাজের এক বিশেষ অবস্থায় নামাজী উন্নীত হন যেখানে খোদাতায়ালার সহিত তাহার দীদার বা মে'রাজ হয়। রাসূলে করীম (সঃ) বলেন,
বিজ্ঞাপন
الصلوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
অর্থাৎ-ছালাত বা নামাজ মোমেনের জন্য মে'রাজ।
মে'রাজের রাত্রিতে আল্লাহপাক তাহার পেয়ারা হাবিবকে নিজ সান্নিধ্য বা নৈকট্য প্রদান উদ্দেশ্যে এই জড় জগত হইতে ঊর্ধ্বালোকের পানে নূরময় জগত, সিফাতের জগত এবং শানের জগত পার করাইয়া হোব্বে সেরফা এবং মাবুদিয়াতে সেরফা পর্যন্ত উন্নীত করাইয়া নিজ সৌন্দর্য ও মাধুর্য্য দরশন দান করিলেন। সমস্ত গুপ্ত ভেদ প্রকাশ করিলেন। আপন দীদার দান করিলেন। রাসূলে করীম (সঃ) অনাবিল শান্তি পাইলেন। খোদা দর্শনের এই তৃপ্তি, এই আনন্দ প্রকাশের ভাষা নাই। কিন্তু এত আনন্দ প্রাপ্তির পরেও তাহার হৃদয়ে যেন শান্তি নাই।
বিজ্ঞাপন
কি এক যন্ত্রণা থাকিয়া থাকিয়া হৃদয়ে আঘাত করে। এই যন্ত্রণা, এই ব্যাথ্যা তাহার প্রেমাস্পদ উম্মতের জন্য। সেই আনন্দের অংশ প্রাপ্তি থেকে তাহার উম্মতেরা বঞ্চিত হইবে। প্রেমাস্পদ উম্মতের কথা স্মরণ করিয়া কাঁদিয়া কাঁদিয়া খোদাতায়ালাকে বলিলেন, হে এলাহী! আমাকে যে তৃপ্তি, যে আনন্দ তুমি দান করিলে, তাহা আমার উম্মতদেরও দয়া করিয়া দান করুন।" আল্লাহপাক দু'আ কবুল করিলেন, উম্মতের জন্য সেই মে'রাজ দান করিলেন যাহা পূর্ণাংগ নামাজে প্রাপ্ত হওয়া যায়। মে'রাজের প্লাটফর্মে যে নামাজ, তাহাই সর্বশ্রেষ্ঠ নামাজ। এই নামাজ সিদ্ধ হয় চিরস্থায়ী জগতের হকিকত মুল্লকে হকিকতে সালাতের সর্বশেষ বিন্দু মাবুদিয়াতে সেরফার মাকামে।
নামাজের এই স্তরকে মে'রাজের স্তর বলে। নামাজের মধ্যে নামাজী পূর্বের প্রতিবিম্ব জগত হইতে আল্লাহতায়ালার চিরস্থায়ী সিফাত জগত বা আকরাবিয়াতে উন্নীত হয়। আকরাবিয়াত যাহা আল্লাহর প্রেমের হেরেম নামে অভিহিত। এই দায়েরাতে নামাজীর উপর নূরের স্রোত প্রবল বেগে প্রবাহিত হয়, তাহার মনে হয়, উক্ত ফয়েজান এক স্বচ্ছ ইষৎ নীল বর্ণের পর্দা হইতে বাহির হইয়া আল্লাহ পাকের সমুদয় জাতকে বেষ্টন করিয়া সমস্ত সৃষ্টিকে আচ্ছন্ন করিয়া আছে। এই স্তরে নামাজীর রূহ পীরের রূহে বিলুপ্ত হয় এবং পীরের রূহ রাসূলে করীম (সঃ) এর রূহে পূর্বেই বিলুপ্ত থাকায় মুরীদ, মোর্শেদে কামেল ও রাসূলে করীম (সঃ) এর আত্মা একাকার হইয়া ফয়েজে বর্কির ধাক্কায় খোদাঅন্বেষী নামাজীর আত্মা জাতপাকের সমুদ্রে বিলীন হয়। নামাজীর চোখে শুধু আল্লাহই আল্লাহ দৃষ্ট হয়। এখান হইতে নামাজীর রূহে বেমেছালী ছুরাত (যাহা পূর্বেই আপন মোর্শেদে কামেল ও রাসূলে করীম (সঃ) এর রূহে বেমেছালীর ছুরাতে বিলুপ্ত) সম্মুখে অগ্রসর হয়। এই বেমেছালী ছুরাত আল্লাহপাক সৃষ্টির পূর্বে এরাদা করিয়াছিলেন। এই ছুরাতেই নামাজী তথায় ফানা লাভ করেন। তৎপর নামাজী কাওছের মাকামে প্রাপ্ত ওজুদ মাওহুব লাহু বা তেলুল মায়ানী বা খোদাদত্ত শরীর বা আল্লাহ প্রেমের নবজাত শিশুর মাধ্যমে মহব্বতের নীলিম পর্দা ভেদ করিয়া এক অনাদি, অনন্ত জোতির্ময় ও নূরানী রাজ্যে প্রবেশ করেন। এখানে সদাই অবর্ণনীয় নূরের তুফান বহিতেছে। ইহার প্রকৃত অবস্থা বর্ণনা করিবার সাধ্য কাহারও নাই। ওলী আল্লাহ সকল ইহাকে বেকায়েফী বা বর্ণনাতীত বলিয়াছেন। নামাজী এই নূরের মধ্যে নিমজ্জিত হইয়া নিজের আমিত্বকে ভুলিয়া আল্লাহতায়ালার এরাদাস্থিত পবিত্রতা গুণের মেসালী ছুরাতে বর্তমান হইয়া আরও অগ্রে অগ্রসর হইতে প্রয়াসী হন, যেখানে, যে রাজ্যে আল্লাহর দৃষ্টান্ত শূন্য অবর্ণনীয় এক জ্যোতি যাহা সমস্ত অবস্থাকে বেষ্টন করিয়া বর্তমান আছে। এই জ্যোতি অনাদী অনন্ত, সর্বব্যাপী। এই জ্যোতি নিরুপম শান্তিময় তাজাল্লীয়াতে জাতী নূরের এক বিশাল সমুদ্র; যে সমুদ্রের মধ্যে বয়া সদৃস্য বহু দায়েরা যেমন কামালাতে নবুয়ত, কামালাতে রেসালত ও কামালাতে উলুল আজম, হকিকতে কাবা, হকিকতে কুরআন, হকিকতে সালাত, হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুসবী, হকিকতে মুহাম্মদী, হকিকতে আহমদী ইত্যাদি সজ্জিত অবস্থায় রহিয়াছে। ক্রমান্বয়ে নামাজীর দৃষ্টিতে এই সমস্ত বয়া সদৃস মাকামগুলো স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া আকর্ষণ করিতে করিতে আল্লাহপাক নামাজীকে হকিকতে সালাতের শেষ বিন্দু আসমা, সিফাত ও শান রাজ্যের পরপারে মাবুদিয়াতে সেরফাতে আনিয়া তথায় দন্ডায়মান রাখিয়া নিজের হাস্যমুখী তাজাল্লা দান করেন, যাহা শ্রেষ্ঠ নামাজীর চরম ও পূর্ণ মে'রাজ। এই কামেল নামাজীর দেহ নামাজ রত অবস্থায় দুনিয়াতে পড়িয়া থাকে ঠিকই, কিন্তু উক্ত নামাজী তাহার দেহকে জড় জগতে রাখিয়া ৭০/৭৫ টি জগত পার হইয়া শান শয়ুনাতের প্রান্ত রেখায় মাবুদিয়াতে সেরফায় পৌঁছাইয়া খোদাতায়ালার দর্শন কারী হিসাবে দাঁড়াইয়া থাকে। খোদাতায়ালার এই দীদারে, এই দর্শনে এক অনাবিল শান্তি নামাজীর ভাগ্যে জোটে, যাহার বর্ণনা দেওয়া যায় না। রাসূলে করীম (সঃ) বলেন, আল্লাহতায়ালার এমন এক জান্নাত বা বেহেশত আছে যেখানে হুর এবং প্রাসাদ নাই, সেখানে আল্লাহতায়ালা নিজের হাস্যমুখী তাজাল্লী দান করেন। নামাজের সময় হইলেই রাসূলে করীম (সঃ) বলিতেন,
قُرَّةُ عَيْنِي يَا بِلالُ
অর্থাৎ-হে বেলাল, তুমি আমাকে শান্তি দাও অর্থাৎ আযান দাও। কারণ আযান পরেই নামাজ আর নামাজে খোদাতায়ালার হাস্যমুখী তাজাল্লী দর্শন যাহা এক অনাবিল শান্তি ও নির্মল আনন্দ প্রদানকারী। আল্লাহপাক বলিয়াছেন যে, তাহাকে কেহ বুঝিতে পারিবে না। কিন্তু এই কথা কোথাও তিনি বলেন নাই যে কেহ তাহাকে দেখিতে পারিবে না। পরকালে বেহেশতবাসীরা খোদাতায়ালাকে যে পূর্ণ চন্দ্রের মত দেখিবেন বলিয়া হাদীস শরীফে বর্ণিত আছে সেই দেখাদেখি এই জড় জগতেমথাকিয়া নামাজের বাহনে চড়িয়া ওলীয়ে কামেলসকল 'ওজুদ মাওহুব লাহু'র কুওতে নজরিয়ার মাধ্যমে দেখিয়া থাকেন। নামাজের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য তাই সর্বাধিক।
অনেকের হয়তো প্রশ্ন থাকিতে পারে যে নামাজের এই কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে এত কিছু দেখা, এত দূর উরুজ ছায়ের কি করিয়া সম্ভব? কতক্ষণই বা আমরা নামাজে থাকি। উত্তরে বলা যায়, রাসূলে করীম (সঃ) মে'রাজে গেলেন। বহু কিছু দর্শন করিলেন। খোদাতায়ালার সাথে ভেদপূর্ণ বহু বাক্যালাপ হইল। অথচ সময় ব্যয় হইয়াছিল মাত্র দুই/এক মিনিট। যে বিছানা ত্যাগ করিয়া তিনি মে'রাজে গমন করিলেন, মে'রাজ সম্পন্ন করিয়া ফিরিয়া আসিয়া দেখিলেন যে সেই বিছানার উষ্ণতা তখনও শেষ হয় নাই। দরজার শিকল তখনও নড়িতেছে। অজুর পানি তখনও গড়াইতেছে। অথচ দীর্ঘ ২৭ বছরের সমকালীন সময় তিনি মে'রাজে অতিবাহিত করিয়াছিলেন। কাজেই কামেল নামাজী মে'রাজের এই প্লাটফর্মের সর্বোচ্চ মাকামে মাবুদিয়াতে সেরফায় খোদাতায়ালার দর্শন প্রাপ্তিতে এক অপরিসিম শান্তি ও বিমল আনন্দ লাভ করেন। এই আনন্দ, এই শান্তি অবর্ণনীয়। যতটুকু দৃষ্টান্ত দেওয়া যায় তাহা বুঝাবুঝির জন্য একেবারেই অপ্রতুল।
হাদীস শরীফ থেকে জানা যায়, পরকালে বেহেশতবাসীদিগকে মহান খোদাতায়ালা তাহার দর্শন (দীদার) দানের উদ্দেশ্যে নির্ধারিত দিনে এক নির্দিষ্ট স্থানে উপস্থিত হইতে নির্দেশ দিবেন। নির্দেশ প্রাপ্ত বেহেশতবাসীরা নির্দেশিত স্থানে উপস্থিত হইবেন। ইহার পরে মহান খোদাতায়ালা তাহার জামাল মোবারকের সমস্ত পর্দাকে উন্মোচন করিয়া নিজ দীদার দান করিবেন। বেহেশতবাসীরা খোদাদর্শনের এই নির্মল আনন্দে এমনই বিভোর ও আত্মহারা হইবেন যে তাহাদের আর কোন কিছুরই স্মরণ থাকিবে না। অপলক নেত্রে তাকানো অবস্থাতেই বহু বছর অতিবাহিত হইবে। এদিকে আপন আপন স্বামীর বিচ্ছেদ ব্যথায় তাহাদের স্ব-স্ব হুরেরা খোদাতায়ালার দরবারে অঝর নয়নে কাঁদিতে থাকিবে। হুরদের কান্দা-কাটির এক পর্যায়ে আল্লাহপাক তাঁহার জামাল মোবারকে পুনরায় পর্দা টানিয়া দিবেন। সংগে সংগে বেহেশতবাসীরা কান্নাকাটি শুরু করিবেন, "হে খোদা! কতটুকুই বা তোমাকে দেখিলাম, কতক্ষণই বা তোমার প্রেম সুধা পান করিলাম। আর একবার তোমার পর্দা উন্মোচন কর। আমরা আর কিছুক্ষণ তোমাকে দেখিয়া আমাদের কলিজা ঠান্ডা করি।” আল্লাহপাক বলিবেন, "আচ্ছা বলতো, তোমরা কতক্ষণ আমাকে দেখিলে? উত্তরে বেহেশতবাসীগণ বলিলেন, কতক্ষণই বা দেখিয়াছি। দুই/এক ঘন্টা হয়তো হবে। আল্লাহপাক বলিবেন, আমার ইজ্জতের কসম, তোমরা একটানা সাত লক্ষ বছর আমার দিকে অপলক নেত্রে তাকাইয়া ছিলে। তোমাদের স্ব-স্ব হুরদের কান্নাকাটির ফলে আমি আমার জামাল মোবারকে পর্দা টানিয়া দিয়াছি। তোমরা গৃহে ফিরিয়া যাও। আবার তোমাদেরকে ডাকা হইবে।" খোদাতায়ালা এমনই সুন্দর, যাহার দর্শনে সময় কোথা দিয়া অতিবাহিত হয় তাহা ঠাহর করা যায় না। সেই সুন্দরতম খোদাতায়ালার দীদার বা দর্শন পূর্ণ নামাজী নামাজরত অবস্থায় পাইয়া থাকেন। তাই নামাজের মূল্য এত বেশী।
তোমরা যদি নামাজে হকিকতে সালাতের সর্বশেষ বিন্দু মাবুদিয়াতে ছেরফা পর্যন্ত উন্নীত হইয়া খোদাতায়ালার দীদার বা মে'রাজ লাভে নিজেদের জীবনকে সার্থক করিতে চাও, অনাবিল শান্তির অধিকারী হইতে চাও, তাহা হইলে বর্তমান যামানার সর্বশ্রেষ্ঠ ওলী, নামাজতথ্যে মহাজ্ঞানী, হযরত খাজাবাবা এনায়েতপুরী (কুঃ) ছাহেবের রজ্জুকে শক্ত করিয়া ধর। তাহার নির্দেশিত পথে কঠিন রেয়াজত কর। তাহা হইলে তোমরা নাফসে আম্মারার অধীনতা হইতে মুক্ত হইয়া, দৈহিক খাঁচা হইতে বাহির হইয়া জড় জগত, নূরের জগত, সিফাতের জগত পার হইয়া শান শয়ুনাত জগতের পরপারে মাবুদিয়াতে ছেরফার মাকাম পর্যন্ত পৌঁছাইয়া খোদাতায়ালার দীদার বা দর্শন লাভে ধন্য হইবে।
তোমরা নাফসে আম্মারার প্লাটফর্মে সে নামাজ আদায় কর, তাহা কবুলিয়াতের যোগ্যতা রাখে না ঠিকই তবে এই নামাজের একটা জাহেরী ছুরাত পয়দা হয়, হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) বলেন, "যাহা নামাজীকে দোযখ হইতে ফিরাইয়া রাখিবে।" এই নামাজ বাদ দিলে চলিবে না। এই নামাজ আদায়ের সাথে সাথে নামাজের উচ্চ স্তরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতে হইবে। পীরে কামেলের দয়া ব্যতীত নাফসের ধোকা বা ছলনা বুঝিবার ক্ষমতা সাধারণের থাকে না। তোমরা কেউবা এম, এ, পাস। কেউবা বি, এ, পাস। কেউ বা অল্প শিক্ষিত। তোমরা যখন লেখাপড়া শুরু করিয়াছিলে, তখন তোমরা হাতে কলম লইয়া খাতাতে আকা-বাকা দাগ কাটিতে। তিনটি দাগ একত্র করিলে একটি 'ব' হয়। তাহার সাথে একটা মোচড়া দিলে একটি 'ক' হয়। এই আকাবাকা দাগের মাধ্যমে তোমরা বর্ণ জ্ঞান অর্জন করিয়াছিলে। তৎপর অক্ষর জ্ঞান, তথা হইতে শুরু করিয়া একের পর এক ক্লাস অতিক্রম করিয়া বি. এ; এম, এ পাশ করিয়াছ। বিশ্ব বিদ্যালয়ের এই ডিগ্রী নেওয়ার পরে তোমরা চিন্তা করিলেই বুঝিতে পার যে, যে আকা-বাকা দাগ কাটা দিয়া যাত্রা শুরু করিয়াছিলে, তাহার আজ কোন মূল্য নাই। তবে তখন যদি তোমরা ঐ আকাবাকা দাগ না কাটিতে তাহা হইলে বর্ণ জ্ঞান, অক্ষর জ্ঞান কিছুই অর্জন করিতে পারিতে না। বিশ্ব বিদ্যালয়ের এই সকল উচ্চতর ডিগ্রীও তোমরা লাভ করিতে পারিতে না। তোমরা নাফসে আম্মারার স্তরে যে খোদাতায়ালার স্মরণ বিমুখ নামাজ আদায় কর তাহা বর্ণ জ্ঞান অর্জন পূববর্তী আকাবাকা দাগ সমতুল্য। যাহা নামাজের হকিকতে পৌঁছানোর জন্য সাহায্যকারী হিসাবে কাজ করে।
নামাজের হকিকত পর্যায়ে পৌছাইতে পারিলে যে আনন্দ, যে তৃপ্তি ও শান্তি প্রাপ্ত হওয়া যায়; তাহা অন্য কোন ইবাদতে পাওয়া যায় না। তাই রাসূলে করীম (সঃ) বলিলেন, "নামাজেই আমার নয়ন মনের বিমল শান্তি।"
বর্ণিত আছে, একবার এক যুদ্ধে হযরত আলীর (রাঃ) পায়ে তীর বিদ্ধ হয়। তাহাতে তিনি ভীষণ কষ্ট ও যন্ত্রণা ভোগ করিতে লাগিলেন। অথচ তীর খুলিতে চেষ্টা করিয়াও ১০/১৫ জন ব্যর্থ হইলেন। হযরত রাসূলে করীম (সঃ) এর খেদমতে এই ঘটনা পেশ করা হইলে তিনি বলিলেন, "যে সময় আলী (রাঃ) নামাজে মশগুল হন, তখন পা হইতে তীর টানিয়া বাহির করিবে।" হযরত আলী (রাঃ) নামাজে দন্ডায়মান হইলে কয়েকজন সাহাবী তাহার পা হইতে তীর টানিয়া বাহির করিয়া ফেলিল কিন্তু তিনি কিছুই টের পাইলেন না। কারণ নামাজে দন্ডায়মান অবস্থায় তাঁহার জড় দেহ দুনিয়াতে থাকিত ঠিকই কিন্তু তিনি এই দেহ হইতে বাহির হইয়া বহু সুন্দর সুন্দর অবস্থা ও দায়েরা পার হইয়া আল্লাহতায়ালার নাম, গুণ, শান, শয়নাতের উপরে হকিকতে সালাতের শেষ প্রান্তে মে'রাজের প্লাটফর্মে খোদাতায়ালার সন্দর্শনে তন্ময় থাকিতেন।
তোমরা যদি নামাজের পূর্ণতা লাভ করিতে চাও, নামাজের সর্ব্বোচ্চ স্তর মে'রাজের প্লাটফর্মে পৌঁছাইতে চাও, তাহা হইলে চেষ্টা সাধনা এবং কঠিন খেদমত করিতে থাক। আমার পীর কেবলাজান হুজুর কেমন কঠিন খেদমত করিয়া খোদাপ্রাপ্তিতত্ত্ব এবং নামাজের এই উচ্চ নেয়ামত লাভ করিয়াছিলেন সে সম্পর্কে একটি সত্য ঘটনা তুলিয়া ধরিতেছি।
একদা হযরত শাহসূফী সৈয়দ ওয়াজেদ আলী (কুঃ) ছাহেব একটা নির্দিষ্ট তারিখের উল্লেখ করিয়া হযরত পীর কেবলাজান এবং এনায়েতপুরের অন্যান্য প্রবীন জাকেরানদের নিকট চিঠির মারফতে সংবাদ প্রেরণ করিলেন, যাহাতে নির্দেশ ছিল, "অমুক তারিখে রাতের স্টিমারে আমি সিরাজগঞ্জ স্টিমার ঘাটে অবতরণ করিব। তোমরা সেই তারিখ অনুযায়ী যথা সময়ে সেখানে উপস্থিত থাকিবে। "এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমার কিছু কিছু প্রবীন জাকের ভাইদের নিকট হইতে শুনিয়াছি যে হযরত ওয়াজেদ আলী (কুঃ) ছাহেব ট্রেনে চড়িয়া সিরাজগঞ্জ ট্রেন ষ্টেশনে অবতরণ করিয়াছিলেন। আবার কিছু কিছু প্রবীনেরা বলিয়াছেন যে তিনি স্টীমারে চড়িয়া সিরাজগঞ্জে স্টীমার ঘাটে অবতরণ করিয়াছিলেন। তবে ট্রেনে আসুন আর স্টীমারেই আসুন, বাহন যাহাই হউক না কেন মূল কথা হইল তিনি সিরাজগঞ্জে আসিয়াছিলেন। হযরত মাওলানা খাজাবাবা শাহ্সূফী মুহাম্মদ ছাইফুদ্দিন মুজাদ্দেদী সম্ভুগঞ্জী (রঃ) ছাহেব তাহার স্বরচিত 'আদর্শ মুর্শিদ' নামক জীবনী গ্রন্থে স্টীমারে আগমনের কথা উল্লেখ করিয়াছেন। "আদর্শ মুর্শিদ" নামক পুস্তকে বর্ণিত স্টীমারের কথাই এখানে উল্লেখ করা হইল। যাহাই হোক চিঠি প্রাপ্তির পরে আমার পীর কেবলাজান হুজুরের মন প্রাণ সেই দিনটির অপেক্ষায় চঞ্চল থাকিত। যে দিনে তাঁহার পীর হযরত ওয়াজেদ আলী (কুঃ) ছাহেব সিরাজগঞ্জ স্টীমার ঘাটে আসিবেন। কিন্তু পীর আগমনের মাস খানেক পূর্ব হইতেই তিনি শারীরিক অসুস্থতায় পতিত হইলেন। সারা শরীরে ঘা-পাঁচড়া দেখা দিল। ব্যাথায় জ্বর আসিল। এক পর্যায়ে নিউমোনিয়া দেখা দিল। ধীরে ধীরে অসুস্থতা বাড়িতে লাগিল। তিনি শয্যাশায়ী হইয়া পড়িলেন। সৈয়দ ওয়াজেদ আলী (কুঃ) ছাহেবের আগমনের তারিখ ঘনাইয়া আসিল। এই দিকে ঔষধ পথ্যাদি সেবনে কোন উপকার না দেখিয়া তিনি চিন্তায় পড়িলেন। নির্দিষ্ট তারিখের তিন দিন পূর্ব হইতে সারা আকাশ মেঘে ঢাকিয়া গেল। বৃষ্টি শুরু হইল। পীর আগমনের উল্লিখিত সময় উপস্থিত হইল। সেইদিন আকাশ ঘন মেঘে আচ্ছন্ন। মুষলধারে বৃষ্টি হইতেছে। সারা শরীরে ঘা-পাচড়া। গায়ে বেশ জ্বর। তদুপরি ডাবল নিউমোনিয়া। এই ভয়ংকর অসুস্থতাকে উপেক্ষা করিয়া প্রচন্ড বৃষ্টির মধ্যে পীর ছাহেবকে অভ্যর্থনা জানাইবার জন্য সিরাজগঞ্জ ঘাটে যাওয়ার প্রস্তুতি নিলেন। তিনি তাহার আম্মাজানকে বলিলেন, "আম্মাজান! আমি পীর কেবলাজানকে অভ্যর্থনা জানাইবার জন্য সিরাজগঞ্জ স্টীমার ঘাটে যাইব। আজ রাত্রের স্টীমারে পীর কেবলাজান সিরাজগঞ্জে আসিতেছেন।" পুত্রের এ কথা শুনিয়া মা-জননী চমকিয়া উঠিলেন। পুত্রকে বলিলেন, বাবা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অসুস্থ শরীরে এতদূর পথ কিভাবে তুমি যাইবে? তোমার দেহে জ্বর। সারাগায়ে ঘা-পাচড়া, তদুপরি ডাবল নিউমোনিয়া। এই বৃষ্টিতে ভিজিয়া এতদূর পথ অতিক্রম করিলে তুমি বাঁচিবে না।" ইহা শুনিয়া পুত্র তাহার আম্মাজানকে বলিলেন, "আম্মাজান! মরিতে তো একদিন হইবেই। পীর কেবলাজান আজ আসিবেন আর আমি বাড়ীতে বসিয়া থাকিব। ইহা কেমন করিয়া হয়? এই বলিয়া আম্মাজানকে কদমবুছি করিয়া সিরাজগঞ্জ স্টীমার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিলেন। এনায়েতপুর হইতে সিরাজগঞ্জ স্টীমার ঘাট প্রায় পঁচিশ মাইল দূরে অবস্থিত। মুসলধারে বৃষ্টি হইতেছে। রাস্তা ঘাট কদর্মাক্ত ও জলমগ্ন হইয়া গিয়াছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গায়ে জ্বর, ঘা-পাচড়া লইয়া বহু কষ্টে হাটু পর্যন্ত কাঁদাপানি ভাংগিয়া আল্লাহপাকের ইচ্ছায় সিরাজগঞ্জ ঘাটে পৌঁছাইলেন। তখন রাত্র আনুমানিক আট-টা বাজে। আপন পীরের আগমনের প্রতিক্ষায় ঘাটে চাতক পাখীর মত বসিয়া রহিলেন। রাত্র গভীর থেকে গভীরতর হইতে লাগিল। যাত্রী ছাউনীতে আর কোন লোকজন তেমন একটা ছিল না। নির্ধারিত সময়ের কিছু পরে স্টীমার আগমনের ঘন্টাধ্বনি বাজিয়া উঠিল। ধীরে ধীরে স্টীমার ঘাটে ভিড়িল। হযরত খাজা সৈয়দ ওয়াজেদ আলী (কুঃ) ছাহেব জানালা দিয়া মুখ বাহির করিয়া পীর কেবলাজান হুজুরকে দেখিয়াই বলিলেন, "বাবা ইউনুস! তুমি আসিয়াছ?” স্টীমার হইতে ফ্লাটে নামা মাত্রই পীর কেবলাজান তাহার পীর হযরত ওয়াজেদ আলী (কুঃ) ছাহেবকে কদমবুচি করিলেন। হযরত ওয়াজেদ আলী (কুঃ) ছাহেব পীর কেবলাজানের শরীরের ভয়ানক দূরাবস্থা দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, "এত অসুস্থ শরীর লইয়া কিভাবে তুমি আসিলে?" পীরের ক্রন্দন দেখিয়া মুরীদও কাঁদিতে লাগিল। পীরও কাঁদে, মুরীদও কাঁদে। এই কান্নাকাটির ভিতর দিয়া খোদাপ্রাপ্তিতত্ত্ব পীর কেবলাজান হুজুরের হাছিল হইল।
কাজেই তোমরা যদি খোদাপ্রাপ্তিতত্ত্ব লাভ করিতে চাও, বেলায়েতের পরিপূর্ণতা যদি লাভ করিতে চাও, তাহা হইলে মহা ওলী হযরত খাজাবাবা শাহ্সূফী এনায়েতপুরী (কুঃ) ছাহেবের দামনকে মজবুত করিয়া ধর। অন্তরের চোখে হরদম তাহাকে দেখিবার চেষ্টা কর। পীরের মহব্বতই খোদাপ্রাপ্তির প্রথম দরজা। পীরের মহব্বতের মাধ্যমে আল্লাহ ও রাসূলের মহব্বত দেলে পয়দা হয়। পীরের মহব্বতে দেল ভরিয়া গেলে তোমাদের রাবেতায়ে কালব-ফিশ-শেখ হাছিল হইবে।
পীরই একমাত্র মূলধন, যাহার দ্বারা খোদাপ্রাপ্তিতত্ত্ব ও আল্লাহর মারেফাত লাভ করা যায়। হরগিজ (কখনও) তোমরা পীরকে ভুলিও না। মহান খোদাতায়ালা পীরে কামেল সকলকে মানব সমাজের ঐহিক এবং পারত্রিক কল্যাণ সাধনের জন্য দুনিয়াতে পাঠান। মুরাদ ফকির দুনিয়াতে খুবই কম আগমন করেন। শ্রেষ্ঠ মুরাদফকিরদের একজন হযরত খাজাবাবা এনায়েতপুরী (কুঃ) ছাহেব। যিনি বিশ্বের মানব সমাজের সত্য পথনির্দেশনার জন্য যে নেয়ামত রাখিয়া গেলেন; সেই নেয়ামত হইতে তোমাদেরকে প্রতিদিন নেয়ামত বিতরণ করা হইতেছে। তোমরা তাহা বুঝিবার চেষ্টা কর। তাহা হইলে তোমরা হৃদয়ঙ্গম করিতে পারিবে যে কি সাধনার দ্বারা, কি তপস্যার দ্বারা খোদাতায়ালার সান্নিধ্য পাওয়া যায়। পীরই একমাত্র মাধ্যম যাহার দ্বারা খোদাপ্রাপ্তিতত্ত্ব লাভ করা যায়। মহাকবি হাফেজ বলেন, তোমরা যদি আমার পীরকে বাধ্য করিয়া দিতে পার, তাহা হইলে সমরখন্দ ও বোখারার সিংহাসন তোমাদেরকে বিলাইয়া দিব। "পীরের মত দরদী কেউ নাই, পীরের মত দরদী কেউ হইবেও না।" পীরে কামেলের চেহারা, মুরাদ ফকিরের চেহারা হরদম তোমরা দেলের ভিতরে অংকিত করিবার চেষ্টা কর। তবেই উল্লিখিত তত্ত্ব তোমরা লাভ করিতে সক্ষম হইবে।








