Logo

পীরের ভালবাসার বাহনে চড়িয়া আল্লাহ-রাসূলের প্রেম অর্জন কর

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ২২:১০
পীরের ভালবাসার বাহনে চড়িয়া আল্লাহ-রাসূলের প্রেম অর্জন কর
ছবি: জনবাণী।

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘নসিহত নং-১০২ (মেরাজ তত্ত্ব)’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ মে'রাজের অন্তর্নিহিত অর্থঃ

বিজ্ঞাপন

রাসূলে পাক (সাঃ) এর ছিনা চাক, কাবা শরীফ হইতে বায়তুল মোকাদ্দাসে গমন, সাত আসমান অতিক্রম করা, বেহেশত-দোযখ দেখা, বায়তুল মামুরে প্রবেশ করা, সিদরাতুল মুন্তাহা দর্শন, আরও ঊর্ধ্বে গমন, ভ্রমণ ও বহুবিধ ঘটনা দর্শন ইত্যাদি সবই সত্য। সবই ছিল রাসূলে পাক (সাঃ) এর জন্য সশরীরে জাগ্রতাবস্থায়। মে'রাজের বর্ণিত ঘটনাবলীর সাধারণ ও সরল অর্থ এটাই। এতদ্ব্যতীত প্রত্যেকটি ঘটনার আরও একটি অর্থ আছে, তাৎপর্য বা মর্ম আছে-যাহাকে মে'রাজের অন্তর্নিহিত তাৎপর্য বলা যায়।

কিন্তু মানবীয় জ্ঞানবুদ্ধি ও বিবেচনা দ্বারা তাহা উপলব্ধি করা সম্ভব নহে। কারণ মে'রাজ আল্লাহর কুদরতের কিঞ্চিত প্রকাশ। এটা বুঝার জন্য তাই প্রয়োজন আল্লাহর সিফাতে কুদরত সম্পর্কে জ্ঞান অর্জন। কিন্তু সিফাতে কুদরততো আল্লাহর অষ্ট হাকীকী সিফাতের অন্তর্গত এক সিফাত যাহা মূল মারেফাত কারখানায় অবস্থিত। যে সকল সাধক সাধনা বলে, কঠোর ত্যাগ-তিতিক্ষা ও রেয়াযতের মাধ্যমে জড় জগৎ অতিক্রম পূর্বক মানবীয় জ্ঞানের ঊর্ধ্বে এলমে হুজুরীতে উত্তীর্ণ হইতে পারিয়াছেন তাহারাই কেবল সিফাতে কুদরতের কামালাত অর্জনে সক্ষম, তাহারাই মে'রাজের অন্তর্নিহিত অর্থ বা মর্ম উদ্ধারে পারদর্শী।

তেমনি একজন সাধক ছিলেন হযরত শাহ ওয়ালী উল্লাহ (রঃ) ছাহেব। সাধারণ অর্থের পাশাপাশি মে'রাজের যে আরও একটি গভীর অর্থ ও তাৎপর্য আছে তাহা অন্যান্য উচু দরের ওলী আল্লাহর মত তিনিও উপলব্ধি করিতে পারিয়াছিলেন। তাহার রচিত 'হুজ্জাতুল্লাহিল বালেগা'-য় তিনি এ প্রসংগে বলেন, "বক্ষ দীর্ণ করিয়া উহা ঈমানে পূর্ণ করার অর্থ হইল তাঁহার (নবীজী) উপর আত্মিক জ্যোতির আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে জড়দেহের প্রভাব বিলুপ্ত করা। ইহার মাধ্যমে তাঁহার প্রকৃতিকে আল্লাহর ফরমাবরদারী ও তাহার অনুগ্রহের দান গ্রহণের সম্পূর্ণ উপযোগী করা। তারপর বোরাকে আরোহণের অর্থ হইল তাঁহার জৈবিক দিকের উপর মানবিক দিকের অধিষ্ঠান লাভ। বোরাকে আরোহনের ফলে তাঁহার জীবাত্মার উপর মানবাত্মার প্রাধান্য লাভ ঘটিল। তারপর তাহাকে রাত্রিতে আকসা মসজিদে নেওয়ার অর্থ হইল, আল্লাহর নিদর্শনাবলীর পার্থিব কেন্দ্রস্থল ও নবী (আঃ) দের মিলনকেন্দ্রের সহিত তাঁহার সংযোগ ঘটানো।

বিজ্ঞাপন

আকসা মসজিদ যেন মহান স্বত্ত্বার তরফ হইতে একটি আলোক বর্তিকা। উহা হইতে বিচ্ছুরিত আলো গোটা মানব জগতকে আলোকোজ্জল করে। নবীদের সহিত সাক্ষাৎকার ও নবীদের ইমামত লাভের অর্থ হইল এই যে, নবীরা সবাই যে একই পবিত্রতম দরবারের সহিত সম্পৃক্ত বিধায় সমগোত্রীয় এবং তিনি সেই গোত্রের শিরোমণি তাহাই দেখানো। তারপর তাঁহার এক এক করিয়া আসমানে আরোহন এবং ফেরেশতা ও নবী (আঃ) গণের সহিত দেখাশোনার অর্থ হইল, ধাপে ধাপে উন্নত হইয়া আল্লাহর দরবারে ঠাঁই লাভের মর্যাদায় উন্নীত হওয়া এবং বিভিন্ন স্তরে উন্নীত নবীদের সবার স্তর অতিক্রম করিয়া শীর্ষ স্থানে পৌঁছানো। ফেরেশতাদের নিকট হইতে তিনি ওহী ও আলোচনা সম্পর্কে ওয়াকেফহাল হন। হযরত মূসা (আঃ) এর ক্রন্দনের অর্থ হিংসা ছিল না।

উহার অর্থ ছিল তাহার সার্বজনীন নবুয়ত লাভের ব্যর্থতা। হযরত রাসূলে পাক (সাঃ) এর সার্বজনীন নবুয়ত প্রাপ্তি ঘটিয়াছিল। সিদরাতুল মুন্তাহা হইল সৃষ্টিবৃক্ষ। সমগ্র সৃষ্টির বিন্যাস ও বিস্তার যেন এই একই বৃক্ষকেন্দ্রিক। উহার শাখা-প্রশাখা পাতা পল্লবের পালন ও বর্ধন একই বৃক্ষমূল হইতে সাধিত। সেই বৃক্ষে পৌঁছায় উহা যেন রাসূলে করীম (সাঃ) এর প্রতীক হইয়া দাঁড়াইল। এই প্রতীক কোন জীব না হইয়া বৃক্ষ হওয়ায় কারণ এই যে, সামগ্রিক প্রচেষ্টার ঐক্যবদ্ধ ফল একটি বৃক্ষের মাধ্যমে দেখানো যায়, একটি জীবের মাধ্যমে দেখানো যায় না। জীবের যদিও বিভিন্নমুখী শক্তি থাকে কিন্তু সেগুলির উপর উহার একক ইচ্ছা শক্তিই প্রাধান্য পায়।

ফলে বহু শক্তির একের ভিতরে বিকাশের স্থলে একক শক্তির বহুর ভিতরে বিকাশ প্রতীয়মান হয়। তারপর নদী-নালার প্রবাহ ও স্রোত দেখার অর্থ হইল রহমত, হায়াত ও সঞ্জীবনী শক্তির আধার হওয়া। আত্মাজগতের মত বস্তুজগতের নদী নালা একই অর্থে ব্যবহৃত হয়। এই জন্য বস্তুজগতের নীল-নদ ও ফোরাত নদী আত্মাজগতে ঠাঁই পাইয়াছে।

বিজ্ঞাপন

তারপর বৃক্ষে অবস্থানকারী জ্যোতির অর্থ মহান প্রভুর অবতরণ ও অনুগ্রহ মূলক ব্যবস্থা। এই বস্তুজগতে যেখানে যেখানে উহা ধারণের ক্ষমতা থাকে সেখানে উহা বিকীর্ণ হইয়া থাকে। তারপর বায়তুল মামুর অর্থ হইল মহান প্রভুর সেই জ্যোতিকেন্দ্র যাহার উদ্দেশ্যে মানুষের সকল সেজদা ও বন্দেগী উৎসর্গিত হয়। উহা ঘররূপে এই জন্য দেখা গিয়াছে যে, মানুষ কাবাগৃহ বা মসজিদে আকসা গৃহ সামনে রাখিয়াই ইবাদত নিবেদন করে।

তারপর তাঁহার সামনে দুধ ও শরাবের পেয়ালা আনা হইলে তিনি দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রাইল (আঃ) যে বলিলেন, আপনি স্বাভাবিক পথ প্রাপ্ত হইলেন, অন্যথা আপনার উম্মত বিভ্রান্ত হইত, তাহার অর্থ হইল এই যে, তাঁহার পছন্দকেই উম্মতের দ্বীন হিসেবে গ্রহণ করা হইল এবং পার্থিব উচ্ছৃংখল সুখ সম্ভোগের বদলে মানবের প্রকৃতি সম্মত সুরুচীপূর্ণ মতবাদ মঞ্জুর করা হইল। পঞ্চাশ ওয়াক্তের নামাজ ক্রমান্বয়ে পাঁচ ওয়াক্ত করা ও পাঁচ ওয়াক্তেই পঞ্চাশ ওয়াক্তের ছওয়াব দানের অর্থ হইল এই যে, আল্লাহ বান্দার উপর তাঁহার বিধানের বোঝা ও দুঃখ কষ্ট স্তরে স্তরে কমাইয়া দয়াল নবী (সাঃ) এর সময়ে একেবারে হালকা ও প্রায় বিলুপ্ত করিলেন এবং তাহাদের স্বল্পতম বন্দেগীকে পূর্ণতর মর্যাদা দিলেন। হযরত মুসা (আঃ) এর পরামর্শে ইহা হওয়ার অর্থ হইল, উম্মতের অপারগতা ও গড়িমসীর অভিজ্ঞতা নবী (আঃ) গণের মধ্যে তাঁহার সর্বাধিক ছিল।"

মে'রাজ ও কালের প্রশ্নঃ

বিজ্ঞাপন

মে'রাজে রাসূলে পাক (সাঃ) এর আকাশ ভ্রমণ, বেহেশত দোযখ পরিভ্রমণ, সর্বোপরি নূরের ও সিফাতের জগত পার হইয়া খোদাতায়ালার জাতের সান্নিধ্যে পৌঁছাইতে কত সময় ব্যয় হইয়াছিল? কত লক্ষ বছরের পথ তিনি অতিক্রম করিয়াছিলেন? এ প্রশ্ন অনেকেরই।

হাদীস শরীফে বর্ণিত আছেঃ এক আসমান হইতে অন্য আসমানের দুরত্ব এক হাজার বৎসরের পথ। এই হিসাবে সাত আসমান অতিক্রম করিতে সাত হাজার বছর প্রয়োজন। মে'রাজে নবীজী (সাঃ) তো সাত আসমান পর্যন্ত যাইয়া ক্ষান্ত হন নাই, ইহার ঊর্ধ্বে অযুদ কোটি মাইল পথ তিনি অতিক্রম করিয়াছেন। 'তাফসীরে রুহুল মা'য়ানী'-তে প্রকাশ-নবীজী (সাঃ) মে'রাজ রজনীতে তিন লক্ষ বৎসরের পথ ভ্রমণ করিয়াছেন।

অথচ মে'রাজের এই অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা সম্পন্ন হইয়াছিল মাত্র কয়েক নিমিষে। বর্ণিত আছে, নবীজী (সাঃ) যে বিছানা ত্যাগ পূর্বক মে'রাজে গমন করিয়াছিলেন, মে'রাজ হইতে আসিয়া দেখেন বিছানার উষ্ণতা তখনও আছে, অযুর পানি তখনও গড়াইতেছে। অনেকেরই প্রশ্ন-ইহা কিভাবে সম্ভব?

বিজ্ঞাপন

পূর্বেই বলিয়াছি সাধারণ বোঝাবুঝির জ্ঞান দ্বারা মে'রাজ বুঝা যাইবে না। ইহা মহান খোদাতায়ালার অপার কুদরতের নিদর্শন মাত্র। কুদরতের আরও বহু নিদর্শনের ঘটনা পাক কুরআনে বর্তমান। যেমন হযরত মুসা (আঃ) এর লাঠি। হযরত সোলায়মান (আঃ) এর তখত বা আসন। গুহাভ্যন্তরে আযহাবে কাহাফের ৩৭৫ বৎসরের নিদাগমন ইত্যাদি।

হযরত মুসা (আঃ) হাতের লাঠিকে যখনই মাটিতে ফেলিতেন তখনই তা এক ভয়ংকর অজগরে রূপ লাভ করিত। আবার স্পর্শ করা মাত্রই তা পূর্বাবস্থায় লাঠির আকার পরিগ্রহ করিত। হযরত মুসা (আঃ) এর পরে অনেকেই সেই লাঠিকে মাটিতে ফেলিয়া দেখিয়াছে কিন্তু তাহা আর কখনও সাপে পরিণত হয় নাই।

হযরত সোলায়মান (আঃ) বায়ুচালিত তখতে বা সিংহাসনে চড়িয়া প্রতিদিন সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিতেন। হযরত সোলায়মান (আঃ) দুনিয়া হইতে বিদায় গ্রহণের পর সেই ত আর উড়ে নাই।

বিজ্ঞাপন

হযরত ঈসাকে (আঃ) জীবিতাবস্থায় আসমানে উঠাইয়া নেওয়া হইয়াছে। এখনও আসমানে জীবিতই আছেন। ইমাম মেহেদী (আঃ) এর সময়ে তিনি আসমান হইতে দুইজন ফেরেশতার কাঁধে ভর করিয়া সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের দক্ষিণ মিনারে অবতরণ করিবেন। এ সমুদয় ঘটনাই আল্লাহর কুদরতী নিদর্শন। আল্লাহর কুদরতের নিকট অসম্ভব বলিয়া কিছু নাই। সবই সম্ভব। সবই স্বাভাবিক।

হযরত মুসা (আঃ) এর হাতের লাঠি সর্পে পরিণত হওয়া, সোলায়মান (আঃ) এর তত্ত্বের আকাশে উড্ডয়ন, হযরত ঈসা (আঃ) এর আকাশ হইতে অবতরণ, হযরত ইব্রাহিম (আঃ) এর জন্য নমরূদের অগ্নি আরামদায়ক হওয়া ইত্যাদি যেমন খোদাতায়ালার কুদরতের নমুনা, তেমনি মে'রাজে লক্ষ লক্ষ বৎসরের পথ কয়েক মুহূর্তে বা নিমিষে ভ্রমণ করা খোদাতায়ালারই কুদরতের কিঞ্চিত প্রকাশ। আর ইহা স্বতঃসিদ্ধ কথা যে, খোদার কুদরতি নিদর্শন মানবীয় জ্ঞানের ধরা ছোঁয়ার বাহিরে, চিন্তার অতীতে, কল্পনার সীমানারও বাহিরে।

মে'রাজ, নবীজী (সাঃ) এবং উম্মতে মুহাম্মদীঃ

বিজ্ঞাপন

কিতাবে পাওয়া যায়, নবী করীম (সাঃ) ভুমিষ্ট হওয়ার পরক্ষণ হইতে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত উম্মতের নাজাত ও মুক্তির চিন্তায় ব্যাকুল ছিলেন। উম্মতের নাজাত, মুক্তি ও কল্যাণ চিন্তায় তিনি যত কাঁদিয়াছেন, যত অশ্রু পাত করিয়াছেন, যত লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, নির্যাতন সহ্য করিয়াছেন-এতটা আর কোন নবী-রাসুলই (আঃ) করেন নাই। উম্মতকে যত গভীরভাবে তিনি ভালবাসিয়াছেন, এমন ভালবাসা আর কেহই দিতে পারে নাই। তিনি দিবসে কাঁদিতেন, নিশীথে কাঁদিতেন, স্বয়নে-স্বপনে-জাগরণে সর্বক্ষণই উম্মতের ব্যথামোচনে, পাপ-স্খলন থেকে উদ্ধারকরণে খোদাতায়ালার শাহী দরবারে ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকিতেন।

নবীজী (সাঃ) জীবনে একটি বার ব্যতীত কখনও সুখের মুখ দেখেন নাই। তাহার জীবন-অট্টালিকা দুঃখের ইটে গড়া। দুই নয়নে পিতাকে তিনি দেখেন নাই। জন্মের পূর্বেই পিতাকে হারাইয়াছেন। মাতাকে হারাইয়াছেন জন্মের কয়েক মাস পরে। পিতা-মাতার আদর সোহাগ ও স্নেহ কার না কাম্য? কিন্তু তাঁহার ভাগ্য ললাটে তা ছিল না। তিনি আশ্রয় নিলেন দাদাজান আবদুল মোত্তালিবের ক্রোড়ে। কিন্তু দুই বছর যাইতে না যাইতে সেই দাদাজানও ইন্তেকাল করিলেন। কথায় বলে, "অভাগা যে দিকে চায়, সাগড় শুকিয়ে যায়।" তেমনটি যেন শিশু নবীজীর অবস্থা। চিরদুঃখী নবীজী অবশেষে আশ্রয় পাইলেন চাচা আবু তালেবের স্নেহের চাদরে। চাচার তত্ত্বাবধানে তিনি বড় হইতে থাকিলেন। নবুয়তপ্রাপ্তির পরের কথা, দুশমনদের অত্যাচার-নির্যাতন যখন চরমে, শত্রুপক্ষে মুহাম্মদ (সাঃ) এর প্রাণনাশের হুমকি যখন বারবার উচ্চারিত হইতেছে তেমন দুঃসময়ে চাচা আবু তালেব ইনতেকাল করেন। ইহার পর হইতে নবীজী (সাঃ) জীবনে যে কত দুঃখ আসিয়াছে তাহার ইয়ত্বা নাই। কিন্তু এত দুঃখ যন্ত্রণার মধ্যেও তিনি উম্মতকে ভুলেন নাই।

শোকাবস্থায়, দুঃখ-পীড়িতাবস্থায় উম্মতের কথা যেমন তিনি স্মরণ করিয়া খোদাতায়ালার দরবারে রোদন করিয়াছেন, তেমনি তদীয় জীবনের একটি মাত্র সুখকর ঘটনাতেও তিনি উম্মতের জন্য অশ্রু ঝরাইয়াছেন। এ সুখবহ ঘটনাটিই ছিল মে'রাজ।

বিজ্ঞাপন

মে'রাজ যাত্রার শুরুতে যখন রাসূলে পাক (সাঃ) এর নিকট বোরাক হাজির করা হইল, তিনি বলিলেন, হে জিব্রাইল! এটা কি? জবাবে জিব্রাইল বলিলেন, এটা বেহেশতী সাওয়ারী যাহাতে চড়িয়া আপনি প্রভুর দিকে যাত্রা শুরু করিবেন। ইহার গতি প্রতি কদমে "হদ্দে নেগাহ"-অর্থাৎ দৃষ্টিশক্তি যতদূর দেখিতে সক্ষম এক এক কদমে ততদূর যায়, অতিদ্রুত পা বাড়ায়।

এটা সুখের কথা যে নবীজী বেহেশতী সাওয়ারী বোরাকে চড়িবেন। কিন্তু সেই মুহূর্তে তাহার স্মরণে পড়িল প্রেমাস্পদ উম্মতের কথা। ভাবিলেন, 'আমি বোরাকে চড়িব। আমার উম্মতেরা কি এই বোরাকে চড়িবার সৌভাগ্য লাভ করিবে?' প্রশ্ন করিলেন জিব্রাইলকে। বলিলেন, "হে জিব্রাইল! আমার উম্মতেরাও কি বেহেশতে গমনের জন্য বোরাক পাইবে?' ফেরেশতা জিব্রাইল বলিলেন, নিশ্চয়ই, যাহারা আল্লাহর ঈমান আনিয়াছে, আপনাকে সত্য নবী বলিয়া বিশ্বাস করে, হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে, আল্লাহর আদেশ-নিষেধ মানিয়া চলে, তাহারা অবশ্যই বোরাকে চড়িয়া বেহেশতে গমন করিবে।

অতঃপর নবীজী (সাঃ) বোরাকে চড়িয়া অসীমের পথে যাত্রা শুরু করিলেন, জড় জগত, নূরের জগত ও সিফাতের জগত পার হইয়া খোদাতায়ালার জাতের একান্ত সান্নিধ্যে পৌঁছাইয়া যাবতীয় নূরের নেকাব উন্মোচিত অবস্থায় জাতের অনুপম রূপ-লাবণ্য ও সৌন্দর্য্য দৃষ্টে মুগ্ধ হইয়া মাশুকের জন্য নেওয়া উপঢৌকন অত্যন্ত বিনীতাবস্থায় পেশ করিলেন। বলিলেন,

বিজ্ঞাপন

التَّحِيَّاتُ لِلَّهِ وَ الصَّلُوتُ وَ الطَّيِّبَاتُ

অর্থাৎ- 'মৌখিক, শারীরিক, আর্থিক-সব ইবাদত এবং সকল নামাজ ও পবিত্রতা একমাত্র আল্লাহর জন্যই।'

প্রেমের নিদর্শনস্বরূপ প্রেমিক প্রেমাস্পদের জন্য উপঢৌকন নেয়। এটা প্রচলিত নিয়ম। মে'রাজ রজনীতে মাশুকের (আল্লাহর) আহবানে আশেক (রাসূল) মাশুকের দরবারে কি উপঢৌকনসহ উপস্থিত হইয়াছিলেন? সেই উপঢৌকনই ছিল যাবতীয় ইবাদত-যাহা তিনি বিনীতভাবে খোদাতায়ালার নিকট পেশ করিলেন।

বিজ্ঞাপন

মাশুকও (খোদাতায়ালা) বিনিময়ে আশেককে নানাবিধ নেয়ামত দিলেন। বলিলেন,

السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

অর্থাৎ-হে নবী! হে বন্ধু! আপনার প্রতি আল্লাহর শান্তি, রহমত ও বরকত নাযিল হউক। মে'রাজ যাত্রার চরম সীমানায়, প্রেম আকাশের শেষ স্তবক, আশেক মাশুকের একান্ত গুপ্ত কোঠা হোব্বে সেরফায় পরস্পরের উপহার ও অর্ঘ্য দেওয়া-নেওয়ার পরম আনন্দময় মুহূর্তেও নবীজী (সাঃ) উম্মতকে ভুলেন নাই। উম্মতের কথা স্মরণপূর্বক তৎক্ষণাৎ তিনি বলিয়া ফেলিলেন,

السَّلَامُ عَلَيْنَا وَ عَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِيْنِ

অর্থাৎ-'আমাদের এবং আল্লাহর নেককার বান্দার প্রতিও সালাম ও শান্তি বর্ষিত হউক।'

দূর হইতে ভাসিয়া আসা আশেক-মাশুকের দেওয়া নেওয়ার এই মধুময় সংলাপ শুনিয়া ফেরেশতারাও স্থির থাকিতে পারেন নাই। তাহারাও বলিতে লাগিলেন,

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا اللَّهُ وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

অর্থাৎ-আমরা সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই এবং আমরা ইহাও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মদ (সাঃ) তাঁহার বান্দা ও রাসূল।

ইহার পর শুরু হয় আল্লাহর সাথে নবীজী (সাঃ) এর গুপ্তালাপ যে সম্পর্কে মানুষ, জ্বিন বা ফেরেশতা-কেহই কিছু জানেন না।

কি আলাপ, কি কথাবার্তা সেইদিন দুইজনের মধ্যে ঘটিয়াছিল-তাহা আল্লাহ ও তদীয় রাসূলই জানেন। ওলী-আল্লাহসকল কেবলমাত্র এইটুকুই বলেন যে, আল্লাহপাক সেদিন নবীজী (সাঃ) এর নিকট সমুদয় কালাম ব্যক্ত করিয়াছিলেন।

খোদাদর্শনের অনাবিল আনন্দ, প্রেম আলাপনের মধুর অনুভূতি, খোদা-সান্নিধ্যের পরম তৃপ্তি, জ্ঞানের পূর্ণতা হাছিলের চরম সুখ, আল্লাহ-প্রাপ্তির সীমাহীন শান্তি বুকে লইয়া এবং পাঁচ ওয়াক্ত নামাজ ও উম্মতে মুহাম্মদীর ক্ষমা ও গোনাহ মাফির সুসংবাদ লইয়া নবীজী দুনিয়ায় আসিলেন।

দুনিয়ায় আসার পর তিনি উম্মতের কথা ভাবিয়া আবার রোদন শুরু করিলেন। ভাবিলেন, যে মে'রাজ আমি লাভ করিলাম, যে চরম ও পরম আনন্দ ও তৃপ্তি আমি পাইলাম-আমার উম্মতেরা কি তাহা পাইবে? যদি না পায় তবে আমার এ আনন্দ ও তৃপ্তি প্রাপ্তিতে সার্থকতা কোথায়? তিনি কাঁদিতে লাগিলেন, অঝরে রোদন করিলেন।

আল্লাহপাক তদীয় পেয়ারা হাবিবকে জিজ্ঞাসা করিলেন, "হে বন্ধু! আপনি কাঁদেন কেন? আপনাকে যে নেয়ামত দেওয়া হইলো ইতিপূর্বে কাহাকেও এই নেয়ামত দেওয়া হয় নাই। এমন কিছু নাই-যাহা আপনাকে দেখানো হয় নাই। এমন কোন কথা নাই-যাহা আপনাকে বলা হয় নাই। তথাপিও আপনি কোন দুঃখে কাঁদিতেছেন?"

রাসূলে পাক (সাঃ) তখন বলিলেন, "হে খোদাতায়ালা! আপনি আমাকে দয়া করিয়া যে অপূর্ব নেয়ামত দান করিয়াছেন, তাহাতে আমি এতই আনন্দিত যে তাহা প্রকাশের ভাষা নাই। তথাপিও আমি কাঁদিতেছি এই কারণে যে, যে নেয়ামত আপনি আমাকে দান করিলেন সেই মহামূল্য নেয়ামত প্রাপ্তি হইতে আমার উম্মতেরাতো বঞ্চিত হবে। যে স্বাদ আমি পাইলাম, যে তৃপ্তি আমি পাইলাম; তাহা হইতে আমার উম্মতেরাতো বাদ পড়িবে। আমি কাঁদিতেছি সেই দুঃখে।" ইহা শুনিয়া আল্লাহতায়ালা দয়াল নবী (সাঃ) কে বলিলেন, "হে হাবীব! আপনি কাঁদিবেন না। যে নেয়ামত আমি আপনাকে দিলাম, যে মে'রাজ বা দিদার দানে আপনাকে সম্মানিত করা হইল; সেই মে'রাজ বা দীদার আমি আপনার উম্মতের জন্য দিনে পাঁচ বার নির্ধারণ করিলাম। প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজে আপনার উম্মতেরা এই মে'রাজ লাভ করিবে।" এই সংবাদে রাসূলে পাক (সাঃ) অতিশয় খুশী হইলেন এবং আপন উম্মতকুলকে সুসংবাদ প্রদান করিলেন। বলিলেন,

الصلواةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

অর্থাৎ-'সালাত বা নামাজ মোমেনের জন্য মে'রাজ।'

কাজেই বুঝা গেল, মে'রাজ ধন কেবলমাত্র নবীজীই (সাঃ) লাভ করিলেন না, প্রেমাস্পদ উম্মতের জন্যও তিনি তাহা চাহিয়া আনিলেন। আনিলেন তপ্ত অশ্রুর বিনিময়ে।

এই মে'রাজ পাওয়া যায় নামাজের মধ্যে। তবে তাহা প্রাপ্তির জন্য প্রয়োজন রাসূলে পাক (সাঃ) এর পরিপূর্ণ অনুসরণ তথা জাহেরী ও বাতেনী অনুসরণ। কেবলমাত্র জাহেরী অনুসরণে নামাজে মে'রাজ বা দীদার পাওয়া যায় না। জাহেরী ওলামা সকলের বাতেনী অনুসরণ না থাকায় মে'রাজের নেয়ামততো দূরের কথা, সামান্য ঘ্রাণও তাহারা পান না।

কিন্তু বাতেনী অনুসরণতো সহজ কথা নয়। সেই জন্য কোন কামেলের কদমে থাকিয়া দীর্ঘসময় কঠোর রেয়াযত করা প্রয়োজন। হযরত গউসপাক (রঃ), হযরত বাহাউদ্দিন নকশবন্দ (রঃ) ছাহেব দীর্ঘ ৪০/৪৫ বছর নিরলস তপস্যা করিয়া এই মে'রাজ রত্ন লাভ করিয়াছিলেন। ২৪ বৎসর কঠোর সাধনার পূর্বে এই নেয়ামত কেহ লাভ করিয়াছে বলিয়া আমার জানা নাই। হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) ৩০ বৎসর কঠোর সাধনার পরে এই রত্ন লাভে সক্ষম হইয়াছিলেন। এই মিসকিনও ৪০/৪৫ বৎসর যামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ খাজাবাবা হযরত এনায়েতপুরী (কুঃ) ছাহেবের কদমে সুকঠিন খেদমতের বিনিময়ে এই নেয়ামতের সুফল লাভে সক্ষম হয়।

তোমরা যাহারা মে'রাজের অপূর্ব নেয়ামত লাভে ধন্য হইতে চাও, তাহাদের প্রতি এই ফকিরের নির্দেশ-শরীয়তের আমলের সাথে সাথে তরিকতের নিয়ম পদ্ধতি যথাযথ পালন কর। খালেস ইবাদতের গুণ হাছিল কর। তদসংগে পীরকে ভালবাস। পীরের ভালবাসার বাহনে চড়িয়া আল্লাহ-রাসূলের প্রেম সমুদ্রে সন্তরণের যোগ্যতা অর্জন কর। আশা করা যায় তোমরাও এই ধন, এই অমূল্য সম্পদ লাভে ধন্য হইবে। আমি দু'আ করি তোমরা সফল হও। আমীন!

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD