Logo

যে প্রতিষ্ঠানে বছরে ছাপা হয় ৩০ লাখ পবিত্র কোরআন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১৪:৩৭
যে প্রতিষ্ঠানে বছরে ছাপা হয় ৩০ লাখ পবিত্র কোরআন
ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন ছাপানোর আগে অজু করেন কর্মীরা। প্রতিটি পৃষ্ঠা একাধিকবার পরীক্ষা করে নিশ্চিত করা হয় নির্ভুলতা। এমনকি কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, তা যাচাই করতে প্রতিটি কপির ওজনও মাপা হয়। ধর্মীয় পবিত্রতা ও সর্বোচ্চ মান বজায় রেখে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন ছাপানোর সক্ষমতা রয়েছে মালয়েশিয়ার একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রশাসনিক শহর পুত্রজায়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির নাম নাসিরুল কোরআন কমপ্লেক্স। দেশটির কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন ছাপাখানা।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি পবিত্র কোরআন ছাপা হয়। উৎপাদন ও মান নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকেন ৫০ থেকে ৮০ জন কর্মী। মালয়, চীনা, তামিল, ইংরেজি, বাংলা, ফরাসি ও সোয়াহিলিসহ মোট ৩০টি ভাষায় কোরআন প্রকাশের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো, কোরআন ছাপানোর নির্দিষ্ট স্থানে প্রবেশের আগে কর্মীদের অজু করতে হয়। ইসলামে নামাজের আগে পবিত্রতা অর্জনের জন্য অজু করা বাধ্যতামূলক। একই ধর্মীয় শুদ্ধতার বিষয়টি গুরুত্ব দিয়ে কোরআন স্পর্শ ও মুদ্রণের কাজেও অজু অবস্থায় থাকার নিয়ম অনুসরণ করা হয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির গাইড মুহাম্মদ আশরাফ আমির বলেন, কোরআন স্পর্শ করতে বা এ-সংক্রান্ত কোনো কাজে যুক্ত হতে হলে কর্মীদের সব সময় অজু অবস্থায় থাকতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এখানে কোরআন মুদ্রণের কাজ শুরু হয় বড় আকারের কাগজের শিটে একসঙ্গে কয়েকটি পৃষ্ঠা ছাপানোর মাধ্যমে। এরপর ছাপার রং, অক্ষরের স্পষ্টতা ও মুদ্রণের মান পরীক্ষা করা হয়। প্রাথমিক যাচাই শেষে পৃষ্ঠাগুলো পাঠানো হয় বিশেষজ্ঞদের কাছে। তাঁদের পরিচিতি ‘লাজনাহ তাশিহ’।

এই বিশেষজ্ঞদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হয়। তাঁরা প্রতিটি পৃষ্ঠার আয়াত, শব্দ ও মুদ্রণ খুঁটিয়ে পরীক্ষা করেন। কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের অনুমোদনের পর যন্ত্রের সাহায্যে ঘণ্টায় প্রায় আট হাজার শিট ভাঁজ করা সম্ভব হয়। এরপর আবারও যাচাই করে পৃষ্ঠাগুলো সাজানো, সেলাই ও বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হয়।

তবে বাঁধাইয়ের পরও মান যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয় না। প্রতিটি কপি পুনরায় পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ওজনও মাপা হয়। কোনো কপির ওজন স্বাভাবিকের তুলনায় কম বা বেশি হলে তাতে পৃষ্ঠা কম পড়েছে কিংবা অতিরিক্ত যুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।

নাসিরুল কোরআন কমপ্লেক্সের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। ইয়ায়াসান রেস্তু নামের একটি অলাভজনক সংস্থার উদ্যোগে মাত্র দুজন কর্মী নিয়ে প্রকল্পটির সূচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল মালয়েশিয়ার নিজস্ব শিল্প ও সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরে কোরআনের একটি বিশেষ সংস্করণ তৈরি করা।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি শুধু বিভিন্ন ভাষায় কোরআন প্রকাশেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অলংকরণেও বৈচিত্র্য আনে। উদাহরণ হিসেবে চীনা ভাষার কোরআনে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত নকশা ও রঙের ব্যবহার করা হয়েছে। এই বিশেষ সংস্করণ তৈরি করতে সময় লেগেছে সাত বছর।

মুদ্রিত কোরআনের পাশাপাশি এখানে সংরক্ষণ করা হয় হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপি। একটি পৃষ্ঠা হাতে লিখতে একজন ক্যালিগ্রাফি শিল্পীর ছয় থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রায় ৬০০ পৃষ্ঠার একটি সম্পূর্ণ কোরআন হাতে লিখে শেষ করতে দুই থেকে সাত বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ধরনের শিল্পচর্চা ও দক্ষতা তৈরির জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমও রয়েছে। সেখানে শিক্ষার্থীদের ইসলামি ক্যালিগ্রাফি এবং কোরআনের অলংকরণ শেখানো হয়। একজন দক্ষ শিল্পী নিজের স্বতন্ত্র লেখার ধরন তৈরি করেন। অক্ষরের মধ্যবর্তী দূরত্ব, কলমের ব্যবহার ও আঁচড়ের পুরুত্বে সেই স্বাতন্ত্র্য প্রকাশ পায়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি কোরআন বিক্রির পাশাপাশি বিনা মূল্যে বিতরণও করে থাকে। বিভিন্ন দাতব্য সংস্থা মানুষের মধ্যে বিতরণের জন্য কোরআন চাইলে তাদের বিনা মূল্যে সরবরাহ করা হয়। তবে এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে—বিতরণের জন্য নেওয়া কোরআন কোনোভাবেই বিক্রি করা যাবে না।

আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পবিত্র কোরআন পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD