২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণার বরাতে বুধবার (১৮ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
গবেষণা অনুযায়ী, আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির গতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পেছনে অন্যতম কারণ মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার।
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। বিপরীতে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা ধরে রাখতে নারীপ্রতি গড়ে ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
এই গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়হীন মানুষের জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করে পূর্বাভাস তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে মুসলিম জনগোষ্ঠী
গবেষণায় বলা হয়েছে, সন্তান জন্মদানের উচ্চ হারের কারণে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হিসেবে এগিয়ে রয়েছে। মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, যা গবেষণায় বিবেচিত ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন খ্রিষ্টান নারীরা, যাদের গড় সন্তান জন্মদানের হার ২ দশমিক ৫।
পিউর হিসাব অনুযায়ী, স্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের কারণে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষের।
বিজ্ঞাপন
ধর্মান্তরের প্রভাবেও বদলাবে জনসংখ্যার চিত্র
ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণেও দুই জনগোষ্ঠীর জনসংখ্যায় পার্থক্য তৈরি হতে পারে। গবেষণায় বলা হয়েছে, ইসলাম গ্রহণ ও ইসলাম ত্যাগের সংখ্যার ব্যবধানের কারণে মুসলিম জনগোষ্ঠীতে নিট ৮০ লাখ মানুষের ঘাটতি হতে পারে। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ঘাটতির পরিমাণ প্রায় ১০ কোটি ৫০ লাখ হতে পারে।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি বড় অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মীয় পরিচয় গ্রহণ না-ও করতে পারেন। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদী হওয়ার প্রবণতাও থাকতে পারে।
বিজ্ঞাপন
তবে মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য বৃদ্ধির প্রধান কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং গবেষণায় বলা হয়েছে, ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর তুলনায় সামান্য বেশি হতে পারে।
পাকিস্তানে বাড়বে মুসলিম জনসংখ্যা
দেশ ও অঞ্চলভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
বিজ্ঞাপন
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও প্রায় ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ আসবে এসব দেশ থেকে।
পাকিস্তানের উদাহরণ দিয়ে গবেষণায় বলা হয়েছে, দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এমনটি হলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে পাকিস্তান।
এদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ২০৭০ সালের মধ্যে মুসলিমদের অংশ বেড়ে মোট জনসংখ্যার ৯৫ শতাংশে পৌঁছাতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুসলিমদের।
বিজ্ঞাপন
অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীর সম্ভাব্য বৃদ্ধির বড় অংশ ঘটবে বর্তমানে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশে। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বব্যাপী খ্রিষ্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।
তবে পিউ রিসার্চ সেন্টারের এই হিসাব জনসংখ্যার বর্তমান প্রবণতার ওপর ভিত্তি করে তৈরি দীর্ঘমেয়াদি পূর্বাভাস। এটি নিশ্চিত ভবিষ্যৎ ফলাফল নয়।








