Logo

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৪:১৮
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা
ছবি: সংগৃহীত

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সংগঠনটির সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বিদের পরামর্শে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা আহমদ বাটলা। পাশাপাশি তিনি রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তার মৃত্যুর পর সংগঠনটির শীর্ষ নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। পরে রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির মনোনীত করা হয়।

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত থাকার পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান এবং মুসলমানদের ঈমান-আমল সংশোধনে ভূমিকা রেখে আসছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সহজ ও হৃদয়গ্রাহী বয়ানের জন্য পরিচিত মাওলানা আহমদ বাটলা। তার বক্তব্যে আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। মুসলমানদের আল্লাহর পথে ফিরে আসা এবং নবীদের দাওয়াতি আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে সংগঠনটির তৎকালীন আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তার অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তারা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

বিজ্ঞাপন

হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের মৃত্যুর পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমান আমির নির্বাচিত হন। সে সময় মাওলানা আহমদ বাটলাকে নায়েবে আমিরের দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন সেই দায়িত্ব পালনের পর এবার সংগঠনটির সর্বোচ্চ নেতৃত্বে এলেন তিনি।

২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান বিশেষ গুরুত্ব পেয়েছিল। আসরের নামাজের পর প্রথম বয়ানে তিনি তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের দাওয়াতি মিশন বাস্তবায়ন এবং আখিরাতে সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের নসিহত করেন।

মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের মধ্য দিয়ে পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা ও রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ততার কারণে নতুন আমিরের নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম কীভাবে এগোয়, তা এখন সংশ্লিষ্টদের নজরে থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD