ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন দেশটির সামরিক প্রযুক্তিবিদ ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি। রোববার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাঁর নিয়োগ অনুমোদন করা হয়। আখলাঘির নিয়োগের মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর সামরিক দক্ষতাকে আরও গুরুত্ব দেওয়ার বার্তা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
ইরানের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আখলাঘির নাম অনুমোদনের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করা হয়। এতে উপস্থিত ২৯০ জন সংসদ সদস্যের মধ্যে ২৭৭ জন তাঁর নিয়োগের পক্ষে ভোট দেন।
এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হলেন আখলাঘি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারের সঙ্গে নাসিরজাদেহও নিহত হন।
আখলাঘি ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি খাতের একজন অভিজ্ঞ কর্মকর্তা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কঠিন জ্বালানিচালিত প্রপালশন ব্যবস্থা, মহাকাশ প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্মজীবনে তিনি ইরানের প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে শহীদ বাঘেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। এসব প্রতিষ্ঠানের সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তির উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তবে আখলাঘি এবং সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া তাঁর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, নিয়োগের বিষয়ে পার্লামেন্টের ভোটের আগে আখলাঘি বলেছিলেন, “যদি আমি সংসদের আস্থা ভোট পাই, তবে অত্যন্ত সংবেদনশীল এক সন্ধিক্ষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাঁধে পড়বে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন পরিস্থিতির সঠিক উপলব্ধি, বিভিন্ন ঘটনার পেছনের যুক্তি বোঝা, প্রভাবশালী প্রবণতাগুলো শনাক্ত করা এবং সম্ভাব্য বিভিন্ন ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি রাখা।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিয়োগ অনুমোদনের পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আখলাঘি বলেন, “জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন যে, তারা সম্ভবত আমাদের ওপর আক্রমণ করার সাহস পাবে না। তবে যদি তারা (যুক্তরাষ্ট্র) তা করে, তবে তারা নিজেরা এবং পুরো অঞ্চল ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।”
এদিকে নতুন প্রতিরক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বার্তায় তিনি আখলাঘির দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “সামরিক কোনো পদমর্যাদা না থাকলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে আখলাখির ৪২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে তার অবদান অনেক। আমি তার সাফল্য কামনা করছি।”








