হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ২ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের পেতে রাখা নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী সুপার ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) । শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত ইউনিট।
বিজ্ঞাপন
ইসলামিক বিপ্লবী গার্ড কোরের দাবি, ট্যাংকার দুটি ইরানের অনুমোদনহীন সামুদ্রিক এলাকা দিয়ে চলাচল করছিল। এ সময় জাহাজ দুটি নৌমাইনের সংস্পর্শে আসে। তবে পশ্চিমা ও আরব দেশগুলোর অভিযোগ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরানি বাহিনী সরাসরি বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। জাহাজটি নৌচলাচল শনাক্তকরণ ব্যবস্থা ও রাডার বন্ধ রেখে অনুমোদনহীন পথে চলার চেষ্টা করছিল। এ সময় নৌমাইনের আঘাতে জাহাজটির ইঞ্জিনকক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ট্যাংকারটি দাউ দাউ করে জ্বলছিল বলে দাবি করেছে আইআরজিসি।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড। শনিবার সকালে একটি সুপার ট্যাংকারে আগুন লাগার কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় ট্যাংকারটিও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য প্রকাশ করে বাহিনীটি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। পরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আরও জটিল হয়ে পড়ে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে গত কয়েক দিন ধরে সেখানে জাহাজ চলাচলে আবারও বাধা সৃষ্টি করছে ইরানের বিপ্লবী গার্ড। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।








