Logo

অভিবাসীদের হৃদয়ের ঘৃণায় ফ্রান্স জ্বলছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১৪:৩৩
অভিবাসীদের হৃদয়ের ঘৃণায় ফ্রান্স জ্বলছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য দেশটিতে বসবাসকারী অভিবাসীদের দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের হৃদয়ে থাকা ঘৃণার আগুনে ফ্রান্স জ্বলছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির সীমান্ত বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগত থেকে আসা মানুষ—যাদের হৃদয়ে রয়েছে ঘৃণা—তারা একসময়ের মহান এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিন!’

ফ্রান্সে চলমান অস্থিরতার সূত্রপাত হয় গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। স্কুলগুলোতে আরও শিক্ষক নিয়োগ এবং শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। পরে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবা নিয়ে উদ্বিগ্ন মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষও এই আন্দোলনে যোগ দেন।

গত শনিবার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভে অংশ নেন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ। অন্যদিকে দেশটির বৃহত্তম শ্রমিক অধিকার সংগঠন সিজিটি ইউনিয়নের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের দাবির মূল বিষয় ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারি পরিষেবার সংকট। অভিবাসন ছিল না আন্দোলনের অন্যতম দাবি। তবে শান্তিপূর্ণ মিছিলের একপর্যায়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট ও সরকারি ভবনে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সহিংসতার পর ব্যাপক গ্রেপ্তার

বিজ্ঞাপন

রোববার ফ্রান্সের বিভিন্ন এলাকায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লরেন্ট নুনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রায় ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

প্যারিস পুলিশের তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই রোববার রাতে ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। রাতের সহিংসতার পর শহরের বিভিন্ন সড়কে সাইকেল, ডাস্টবিন ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি ব্যারিকেডের পোড়া ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। অনেক সড়কে ছড়িয়ে ছিল দোকানের ভাঙা কাচ এবং পুড়ে যাওয়া গাড়ি।

প্যারিসসহ বিভিন্ন শহরে মুখোশধারী বিক্ষোভকারীরা অসংখ্য দোকানে লুটপাট চালায়। এসব ঘটনায় প্রায় ৫০০ পুলিশ সদস্য, দমকলকর্মী ও জরুরি চিকিৎসাসেবাকর্মী আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিবাসননীতি নিয়ে ট্রাম্প-ভ্যান্সের সমালোচনা

ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে দেশটিতে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন তিনি। ফ্রান্সকে বিপ্লবের জন্য আদর্শ জায়গা হিসেবে উল্লেখ করে সেখানে গিয়ে বিপ্লবে যোগ দেওয়ার কথাও বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও ফ্রান্সের অস্থিরতার পেছনে অভিবাসননীতিকে দায়ী করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাশ্চাত্যের উদারপন্থীরা বৈচিত্র্য ও সহানুভূতির যুক্তিতে তৃতীয় বিশ্বের মানুষদের ফ্রান্সসহ বিভিন্ন দেশে নিয়ে এসেছেন। তবে অভিবাসীদের স্থানীয় সমাজের সঙ্গে একীভূত করা ও সামঞ্জস্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ফ্রান্সের সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল উল্লেখ করে ভ্যান্স বলেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হলেও সরকার তা আমলে নেয়নি। আরও স্থাপনা পুড়ে ছাই হওয়ার আগেই এই পরিস্থিতি থামানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিষয়টি খেয়াল করার কথাও বলেন ভ্যান্স। তাঁর দাবি, ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের জন্য এমন ভবিষ্যৎ চায়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সামাজিক অস্থিরতা ও সমস্যার সঙ্গে অভিবাসনের যোগসূত্র টেনে আসছেন। অভিবাসন নিয়ন্ত্রণ তাঁর রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান বিষয়। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসনকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার এক বিবৃতিতে বলেছেন, সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD