সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের চারটি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র বিভিন্ন এলাকার জন্য এ সতর্কতা জারি করে। বজ্রসহ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞাপন
সতর্কতার আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু অংশ। এসব এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। এতে ধুলিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই অস্থিতিশীল আবহাওয়া চারটি অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় প্রভাব ফেলতে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে গেছে।
এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সৌদি আরবের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এ ছাড়া হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চলে আবহাওয়া কিছুটা শীতল থাকবে; যেখানে আভাতে ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়ার পূর্বাভাসে বিভিন্ন এলাকায় আর্দ্রতার মাত্রা বাড়ার কথাও জানানো হয়েছে। আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ থাকতে পারে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ








