Logo

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৯:৩৭
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা। এ সময় বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, সৌদি আরবে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির কাছ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি সরকার। তিনি এ ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা এখনো সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গাল্ফ নিউজ–এর প্রতিবেদনে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, আদালত মসজিদের পবিত্রতা, ঘটনার প্রেক্ষাপট এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে এ সাজা দিয়েছেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম ও সিতি আখতার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, চলতি মাসের ১৪ তারিখে সরকার জানতে পারে যে সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হয়েছে।

ঘটনার খবর প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশ মিশন বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করে। এখন মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা পেতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD