দুর্গোৎসবে বৈষম্যহীন ও শান্তিময় বাংলাদেশ গড়ার আহ্বান স্পিকারের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। উৎসবের এই পুণ্যলগ্নে তিনি বৈষম্যহীন, শান্তিময় ও সামাজিক সংহতিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় স্পিকার বলেন, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত এই উৎসব উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।
স্পিকার উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতির এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচারের অন্ধকার দূর হয়ে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোরের সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলার আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুভেচ্ছা বার্তায় হাফিজ উদ্দিন আহমদ বলেন, উৎসবের দিনগুলো মানুষের জীবনে অফুরন্ত প্রেরণা নিয়ে আসুক এবং আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত ও আনন্দময় হয়ে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চার মধ্য দিয়ে দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও প্রত্যাশা করেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাইকে নিয়ে সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তিনি প্রত্যাশা করেন, উৎসবের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়বে সবার ঘরে ঘরে।








