Logo

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৩
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০
ছবি: সংগৃহীত

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলনের একপর্যায়ে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে একদিনেই প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক মাসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিজ্ঞাপন

ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সহিংসতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মোট ২ হাজার ৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

একই সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৯৯৭ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় প্রায় দেড় হাজার দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিক্ষোভের নামে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানোর নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

খুচরা ব্যবসায়ী ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রধান আলেকজান্দ্রে বোম্পার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দেড় হাজার দোকানের অধিকাংশই লুটপাটের শিকার হয়েছে। এতে দেশটির ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার এলসিআই টেলিভিশনকে দেওয়া বক্তব্যে আলেকজান্দ্রে বোম্পার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক লোকসানের পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সহিংসতা নিয়ে ক্ষোভ ও লজ্জার কথা জানালেন ম্যাক্রোঁ

রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ চলমান সহিংসতার তীব্র সমালোচনা করেন। পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও লজ্জা প্রকাশ করে তিনি বলেন, “আজ আমরা ক্ষুব্ধ, লজ্জিত। যে অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত সহিংসতা চলছে, তার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যারা আন্দোলনের নামে ধংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর-লুটপাট করেছে, তাদের অবশ্যই মূল্য দিতে হবে।”

তিনি আরও বলেন, “দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার আপসহীন থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তারা শহর, সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে মেয়রদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন। আমাদের শহরের রাস্তাঘাট এভাবে তছনছ হতে দেখাটা অসহনীয়।”

বিজ্ঞাপন

সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ম্যাক্রোঁ। তবে বিক্ষোভের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : ফ্রান্স ২৪ ডটকম, ফ্রার্স্টপোস্ট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD