Logo

হজ পালনের পর অভিনয় ছেড়ে দিলেন হাসান মাসুদ

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ২১:১৭
হজ পালনের পর অভিনয় ছেড়ে দিলেন হাসান মাসুদ
ছবি: সংগৃহীত

হজ পালনের পর জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা জানিয়েছেন, এখন নিয়মিত অভিনয় করেন না। কেবল বিজ্ঞাপনের কাজের প্রস্তাব পেলে তাতে যুক্ত হন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেন হাসান মাসুদ।

তিনি জানান, নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। অভিনয়ের প্রতি আগের মতো আগ্রহ নেই। জীবনে পরিবর্তন আসার পর এখন শুধু পছন্দসই বিজ্ঞাপনের কাজ পেলেই করেন। পাশাপাশি ধর্মীয় জীবনেও মনোযোগ বেড়েছে বলে জানান তিনি।

নিজের পরিবর্তনের বিষয়ে হাসান মাসুদ বলেন, সম্প্রতি তিনি হজ পালন করেছেন। এ কারণে মক্কা ও মদিনায় ৪১ দিন অবস্থান করেন। তবে তার এই পরিবর্তন হজ পালনেরও আগে থেকেই শুরু হয়েছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাসান মাসুদ বলেন, এবার তিনি হজ করেছেন এবং এ কারণে মক্কা-মদিনায় ৪১ দিন ছিলেন। তবে তার জীবনের পরিবর্তন আরও আগে থেকে শুরু হয়েছে। বর্তমানে তিনি নিজেকে পুরোপুরি পরিবর্তিত একজন মানুষ হিসেবেই দেখছেন।

একসময় প্রচুর বই পড়লেও বর্তমানে বই পড়া থেকেও দূরে রয়েছেন হাসান মাসুদ। অতিরিক্ত বই পড়ার কারণে একপর্যায়ে নিজেকে অনেকটা যন্ত্রের মতো মনে হতো বলে জানান তিনি। তার ভাষ্য, অতিরিক্ত পড়াশোনার ফলে একসময় তার ভেতরের আবেগও অনেকটা নিস্তেজ হয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই পরবর্তী সময়ে নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। বইগুলো তুলনামূলক কম দামে বিক্রি করার পর আর বই পড়েননি বলেও জানান এই অভিনেতা।

হাসান মাসুদের কর্মজীবনও ছিল বৈচিত্র্যময়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন তিনি। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন।

সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি দ্য নিউ নেশনে কাজ করেন। পরে ১৯৯৫ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও পরিচিতি পান হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে ২০০৩ সালে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

নাটকেও দীর্ঘদিন কাজ করেছেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও যুক্ত ছিলেন তিনি। ‘ব্যাচেলর’ সিনেমার ‘আজকে না হয় ভালোবাসো’ গানে কণ্ঠ দিয়েছেন হাসান মাসুদ। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় পেরিয়ে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন হাসান মাসুদ। এখন ধর্মীয় জীবন, ব্যক্তিগত সময় এবং নিজের মতো করে জীবনযাপনেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD