সেঞ্চুরি করেই মারা গেলেন পর্দার প্রিয় দাদি বেটি ম্যাকগুয়ার

মার্কিন টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘গ্রোয়িং পেইনস’-এ কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী বেটি ম্যাকগুয়ার। শতবর্ষ পূর্ণ করার পর পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেত্রী। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসে অবস্থিত মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ডের ওয়াসারম্যান ক্যাম্পাসে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
বিজ্ঞাপন
বেটি ম্যাকগুয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পাওয়ার অব অ্যাটর্নি কিথ গেরচাক। জানা গেছে, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে বেটি ম্যাকগুয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ ছিল ‘গ্রোয়িং পেইনস’ ধারাবাহিক। এতে পরিবারের দাদি কেট ম্যালোনের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রায় সাত বছর ধরে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন বেটি। এর প্রথম ও দ্বিতীয় মৌসুমের পাশাপাশি চতুর্থ থেকে সপ্তম মৌসুমেও তাকে দেখা গেছে।
টেলিভিশনে তার অভিনয়ের পরিধি ছিল আরও বিস্তৃত। ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘দ্য ডরিস ডে শো’, ‘কলাম্বো’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’, ‘হিল স্ট্রিট ব্লুজ’, ‘ইআর’, ‘সিএসআই: মায়ামি’, ‘ম্যাকগাইভার’, ‘মুনলাইটিং’ ও ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
বিজ্ঞাপন
বড় পর্দাতেও অভিনয় করেছেন বেটি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চিচ অ্যান্ড চং’স আপ ইন স্মোক’ এবং ‘কোমা’।
টেলিভিশন ও চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চনাটকেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। ব্রডওয়ের ‘প্লেইন অ্যান্ড ফ্যান্সি’, ‘হ্যাপি হান্টিং’ ও ‘ওহ, ক্যাপ্টেন!’ নাটকে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে লাস ভেগাসে ‘মেম’ প্রযোজনায় প্রধান চরিত্রে দেখা যায় তাকে।
এ ছাড়া ‘জিপসি’, ‘আন্ট মেম’, ‘অলিভার!’, ‘হাউ টু সাকসিড ইন বিজনেস…’ এবং ‘জিগফেল্ড ফলিস অব ১৯৫৬’সহ বিভিন্ন মঞ্চনাটকের দল নিয়ে সফর করেছেন বেটি ম্যাকগুয়ার। তার দীর্ঘ কর্মজীবনে টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ—তিন মাধ্যমেই ছিল উল্লেখযোগ্য অবদান।
বিজ্ঞাপন
শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন বেটি। লস অ্যাঞ্জেলেসে নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদের বিরুদ্ধে আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান কোয়ালিশন ফর ইকোনমিক সারভাইভালের আইনি সহায়তা কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি।
এ ছাড়া অবসরজীবন কাটানো মানুষের জন্য পরিচালিত একটি আবাসনকেন্দ্রের চ্যানেল ২২-এ ‘গ্যাবফেস্ট’ নামের টক শো উপস্থাপনা করেছেন বেটি।
শতবর্ষী এই অভিনেত্রীর মৃত্যুর সময় কোনো জীবিত উত্তরাধিকারী ছিলেন না। দীর্ঘ অভিনয়জীবন ও পর্দায় স্মরণীয় চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে থাকবেন তিনি।








