Logo

১০ বছর পর ওটিটিতে ফিরছে রাজ-তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫৪
১০ বছর পর ওটিটিতে ফিরছে রাজ-তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’
ছবি: সংগৃহীত

এক দশক পর আবারও দর্শকদের সামনে আসছে শরীফুল রাজ ও নাজিফা তুষির বড় পর্দায় অভিষেকের সিনেমা ‘আইসক্রিম’। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রেদওয়ান রনি পরিচালিত ছবিটি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। প্ল্যাটফর্মটির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

‘আইসক্রিম’ শরীফুল রাজের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি। এক দশক পর ছবিটি নতুন করে মুক্তি পাওয়ার খবরে নিজের শুরুর দিনগুলোর স্মৃতিও সামনে এসেছে এই অভিনেতার।

সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শরীফুল রাজ সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, ১০ বছর আগের রাজ আর বর্তমানের রাজের মধ্যে নিশ্চয়ই পরিবর্তন এসেছে। আজকের শরীফুল রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, প্রথম সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নাজিফা তুষির কাছেও বিশেষ স্মৃতিময়। চলচ্চিত্রের বিশাল ক্যানভাস সম্পর্কে তখন তাঁর তেমন ধারণা ছিল না। অনেক কিছু না জেনেই সিনেমার জগতে পা রেখেছিলেন তিনি। তবে সেই সময়েই তাঁর মনে হয়েছিল, ‘আইসক্রিম’ একটি ভালো প্রকল্প এবং রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘আইসক্রিম’-এ শরীফুল রাজ ও নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। ছবিটিতে একাধিক পরিচিত অভিনয়শিল্পীর উপস্থিতি সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে।

সিনেমার গানগুলোতেও রয়েছে পরিচিত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ। গান গেয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।

প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পর ‘আইসক্রিম’ ওটিটিতে আসায় পুরোনো দর্শকেরা আবারও ছবিটি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকেরাও শরীফুল রাজ ও নাজিফা তুষির অভিনয়জীবনের শুরুর দিকের কাজটি দেখার সুযোগ পাবেন চরকির পর্দায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD