দুই দিনেই ২০৮ কোটি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির পর থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২০৮ থেকে ২০৯ কোটি রুপি। আয়ের এই গতি অব্যাহত থাকলে পাঁচ দিনের মধ্যে ৫০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা দেখছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
বিজ্ঞাপন
ভারতীয় বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ভারতের বক্স অফিসে প্রায় ৪১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে প্রায় ৩৮ শতাংশ। তবে বড় পরিসরে মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে দ্বিতীয় দিনের এই সংগ্রহকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুসারে, ভারতে প্রথম দিনে ‘জেলার ২’ আয় করে প্রায় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আরও ৪১ কোটি ২৫ লাখ রুপি যোগ হওয়ায় দেশটির বাজারে দুই দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০৮ কোটি রুপি।
ভারতের বাইরেও সিনেমাটির ব্যবসা উল্লেখযোগ্য। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৪৩ কোটি রুপি আয় করেছে ছবিটি। দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে ওই দিনে বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি রুপি। সব মিলিয়ে দুই দিনে বিশ্বজুড়ে আয় হয়েছে আনুমানিক ২০৮ থেকে ২০৯ কোটি রুপি।
অঞ্চলভিত্তিক হিসাবে তামিলনাড়ুতে সিনেমাটির আয় প্রায় ৩৭ কোটি ৫০ লাখ রুপি। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা থেকে সম্মিলিতভাবে এসেছে প্রায় ২২ কোটি রুপি। কর্ণাটকে আয় হয়েছে ২০ কোটি ৫০ লাখ রুপি এবং কেরালায় প্রায় ২০ কোটি রুপি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে ছবিটির ঝুলিতে যোগ হয়েছে আরও প্রায় ৮ কোটি রুপি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বক্স অফিসে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকলে মুক্তির প্রথম চার দিনের ছুটিতে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পিঙ্কভিলা। পাশাপাশি উৎসবের ছুটিতে দর্শক সমাগম বাড়লে পাঁচ দিনের মধ্যে ছবিটির আয় ৫০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে উল্লেখিত আয় ও ভবিষ্যৎ সংগ্রহের হিসাবগুলো বাণিজ্য বিশ্লেষণভিত্তিক আনুমানিক পরিসংখ্যান। এগুলো চূড়ান্ত বা নিরীক্ষিত হিসাব নয়। তাই রজনীকান্তের ‘জেলার ২’ শেষ পর্যন্ত কত আয় করে এবং তামিল সিনেমার বক্স অফিসে নতুন কোনো রেকর্ড গড়ে কি না, তা জানতে পরবর্তী দিনের হিসাবের অপেক্ষা করতে হবে।








