আবারও উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী ওয়াই খেমচান্দ সিংয়ের বাসভবনের ফটকের সামনে মরদেহ রেখে বিক্ষোভ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার সকালে ইমফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে যান মেইতেই সম্প্রদায়ের ১৪ জন গ্রামবাসী। এ সময় তাঁদের লক্ষ্য করে সশস্ত্র কুকি হামলাকারীরা অতর্কিত গুলিবর্ষণ করে। এতে অরুবাধু রোনিল ও লাইরেল্লাকবাম ইনাওবিসহ তিনজন নিহত হন। আহত হন আরও চারজন।
নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে জড়ো হন। তাঁরা বাসভবনের ফটকের সামনে মরদেহ রেখে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীরা কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহগুলো উদ্ধার করে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।
মণিপুর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক লহারি ডোরজে লাথু জানিয়েছেন, গত রোববার রাত থেকে সোমবারের মধ্যে রাজ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। থৌবাল থানার খাঙ্গাবোক পালি বাজারে একটি সংগীতানুষ্ঠানে পাথর নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
বিজ্ঞাপন
এ ছাড়া কাকওয়া লামদাইবুং লম্পাক এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরপর এসব সহিংসতার ঘটনায় রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।








