Logo

দলবদলের পর ইউসুফ পাঠানকে জমি দেওয়ার উদ্যোগ গুজরাট সরকারের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ১৫:১৯
দলবদলের পর ইউসুফ পাঠানকে জমি দেওয়ার উদ্যোগ গুজরাট সরকারের
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলবদলের কয়েক মাসের মধ্যেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে জমি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে গুজরাট সরকার। ভাদোদরায় পাঠান পরিবারের বাড়ির পাশে থাকা প্রায় এক হাজার বর্গমিটারের বিতর্কিত জমির অর্ধেক বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্ধেকের জন্য তাঁকে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। পুরো জমির জন্য তাঁর প্রায় ১০ কোটি রুপি ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনে জমিটি হস্তান্তরের পরিকল্পনা চূড়ান্ত করেছে রাজ্য সরকার। সরকারি সূত্রের দাবি, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা গুজরাটের কৃতী ক্রীড়াবিদদের জন্য নির্ধারিত বিশেষ কল্যাণনীতির আওতায় জমির অর্ধেক বিনা মূল্যে দেওয়া হবে।

জমি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্যের রাজস্ব ও পৌর বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত পৌরসভার সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করা হলেও ক্রীড়া উন্নয়ননীতির আওতায় বিশেষ ছাড় দিয়ে সরাসরি জমি বরাদ্দের সুযোগ রয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

২০১২ সালে জমির জন্য আবেদন

বিজ্ঞাপন

ভাদোদরার টান্ডালজা এলাকায় পরিবারের বাড়ির পাশের জমিটি পেতে ২০১২ সালে প্রথম আবেদন করেছিলেন ইউসুফ পাঠান। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি জমিটি ৯৯ বছরের জন্য ইজারা চেয়েছিলেন। ওই বাড়িতে ইউসুফ পাঠান তাঁর ভাই ইরফান পাঠান, তাঁদের পরিবার ও বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক পর্যায়ে স্থানীয় পৌর কর্তৃপক্ষ আবাসিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জমি হস্তান্তরের প্রস্তাব দিয়েছিল। তবে পরে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল, সরকারি সম্পত্তি বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশ্য দরপত্র বা নিলাম প্রয়োজন।

এরপর দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা চলতে থাকে। ২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর ভাদোদরা পৌর করপোরেশন ইউসুফ পাঠানকে জমিতে কথিত অবৈধ দখল সরানোর নোটিশ দেয়। বিজেপি পরিচালিত পৌর করপোরেশনের ওই নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

বিজ্ঞাপন

আদালতের প্রশ্নের মুখে জমি বরাদ্দ

সাম্প্রতিক সময়ে জমিটি নিয়ে আদালতের নজরদারি জোরালো হয়। চূড়ান্ত বরাদ্দ ও প্রয়োজনীয় আর্থিক অনুমোদন ছাড়াই পৌরসভার জমি দখলে রাখার বিষয়টি নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলে। আদালতের কঠোর পর্যবেক্ষণ ও সম্ভাব্য জরিমানার মুখে ইউসুফ পাঠানের আইনজীবীরা বিচারাধীন আপিলগুলো নিঃশর্তভাবে প্রত্যাহার করেন। এরপর জমিটি নিয়ে নতুন করে প্রশাসনিক আলোচনা শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ইউসুফ পাঠানসহ তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তাঁরা এনসিপিআইয়ের সঙ্গে একীভূত হয়ে সংসদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি কর্তৃপক্ষের বক্তব্য, ভারতীয় ক্রিকেটে ইউসুফ পাঠানের অবদানের স্বীকৃতি হিসেবেই জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি বরাদ্দের বিষয়টি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন গতি পাওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠতে পারে।

ইউসুফ পাঠান ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২০১২ সালের মার্চে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD