রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ, হুথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। বার্তা সংস্থা এএফপির দুই সাংবাদিক বিস্ফোরণের শব্দ শোনার তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।
এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে হুথিদের কয়েকটি ঘাঁটি দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি। এ ছাড়া অভিযানে হুথিদের ১৩৫টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল নুজাইলি এসব তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে হামলাগুলো চালানো হয়েছে। এতে হুথিদের আক্রমণ পরিচালনার অবস্থান ও রসদ সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশে সরকারি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে। এর ফলে হুথিদের চলাচল সীমিত হয়েছে এবং নতুন করে সংগঠিত হওয়া বা সেনা মোতায়েনের সুযোগ কমে এসেছে বলে দাবি করেন তিনি।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছেও সরকারি বাহিনী হুথিদের অগ্রযাত্রা ঠেকিয়েছে। একই সঙ্গে হুথিদের সমাবেশস্থল ও হামলা পরিচালনার অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে।
আল নুজাইলি আরও দাবি করেন, সাম্প্রতিক অভিযানে হুথি বাহিনীর মাঠপর্যায়ের কমান্ডারসহ মোট ৫৫৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। পাশাপাশি সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি বাড়াচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








