কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫ শ্রমিক

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন শ্রমিক। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।I
বিজ্ঞাপন
দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্গম এলাকায় খনিটি অবস্থিত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, খনিতে উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্ঘটনার পর নিখোঁজ শ্রমিকদের সন্ধান এবং পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে।
নারিনো দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো জানান, এলাকাটিতে যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সান্তা বারবারা দে ইসকুয়ান্দে ঘন বৃষ্টিবনবেষ্টিত একটি প্রত্যন্ত অঞ্চল। সেখানে নৌকা কিংবা ছোট উড়োজাহাজে করে যাতায়াত করতে হয়। ফলে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অনানুষ্ঠানিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ মুহূর্তে কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার মানুষের জীবন রক্ষা করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।
বিজ্ঞাপন
কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খননকাজের প্রবণতা রয়েছে। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা ঘাটতি এবং নিয়ন্ত্রণহীন খনন কার্যক্রম শ্রমিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
এর আগে, গত আগস্টে নারিনো বিভাগের পোলিকারপা পৌরসভায় একই ধরনের একটি খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন। ধারাবাহিক এসব দুর্ঘটনা দেশটির অনানুষ্ঠানিক খননকাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।








