Logo

গুজব বিক্রি করেই দুই বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২০
গুজব বিক্রি করেই দুই বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা
ছবি: সংগৃহীত

পাড়াপড়শির ব্যক্তিগত বিষয় নিয়ে কৌতূহল দেখানো বা একে অন্যের খবর রাখা অনেকের কাছেই স্বাভাবিক অভ্যাস। তবে সেই কৌতূহলকে পেশায় পরিণত করে অর্থ উপার্জন করা যায়—এমনটা হয়তো খুব কম মানুষই ভাবতে পারেন। কিন্তু কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধা প্রতিবেশীদের গোপন তথ্য ও নানা গুজব সংগ্রহ করে সেগুলো বিক্রি করেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক ব্যবসা। এমনকি এই ব্যবসার আয় দিয়ে তিনি দুটি বাড়িও কিনেছেন।

বিজ্ঞাপন

কলম্বিয়ার কিন্দিও বিভাগের আর্মেনিয়া শহরের বাসিন্দা মিরিয়াম। প্রতিবেশীদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য কলহ, গোপন সম্পর্ক কিংবা পাড়ার নানা খুঁটিনাটি তথ্য সংগ্রহ করাই এখন তার নিয়মিত কাজ। আশপাশের মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে পাওয়া এসব তথ্য তিনি খাতায় লিখে রাখেন। পরে কৌতূহলী মানুষের কাছে প্রয়োজন অনুযায়ী সেই তথ্য বা গুজব বিক্রি করেন। আর এভাবেই বিষয়টি তার কাছে পরিণত হয়েছে নিয়মিত আয়ের উৎসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গেই নিজেকে একজন পেশাদার পরচর্চাকারী হিসেবে দাবি করেন এই নারী। তিনি বলেন, আমি হয়তো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছি, কিন্তু আমার দুটো কান ঠিকই সতর্ক থাকে পাশে মানুষজন কী বলছে-করছে তা শোনার জন্য।

বিজ্ঞাপন

মিরিয়ামের ব্যবসার দরদাম নির্ভর করে তথ্যের গভীরতা বা তথ্যের স্পর্শকাতরতার ওপর। সাধারণ গুজবের দাম কয়েক হাজার কলম্বিয়ান পেসো হলেও সংবেদনশীল তথ্যের মূল্য বেশ চড়া।

মিরিয়াম জানান, একবার এক ভদ্রলোকের গোপন বিবাহবহির্ভূত সম্পর্কের কথা চেপে রাখার বিনিময়ে তিনি সর্বোচ্চ ৭ লাখ কলম্বিয়ান পেসো আয় করেছিলেন। কারণ, ওই ব্যক্তির স্ত্রী যখনই বাইরে ভ্রমণ করতেন, তখনই তিনি অন্য নারীকে সঙ্গে নিতেন। তার দাবি, এই পেশা তার দৈনন্দিন সংসারের যাবতীয় খরচ তো মেটাচ্ছেই, একই সঙ্গে অর্জিত এই অর্থ তার স্বপ্নও পূরণ করছে।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD