ইয়েমেনে ২৪ ঘণ্টার অভিযানে ৩০৭ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডারকে হত্যার দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন দেশটির সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ৭৩৬টি হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এসব হামলায় হুথি বাহিনীর ৩০৭ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ৬৮টি সামরিক যান এবং বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ নামের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।
কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা
বিজ্ঞাপন
ইয়েমেনি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবারের অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের জায়গা, অস্ত্রাগার এবং সরবরাহপথকে লক্ষ্যবস্তু করা হয়।
অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে। অঞ্চলটি হুথি বাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর একটি হিসেবে পরিচিত।
রোববারের বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তাইজে হুথিদের একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলের ভেতরে থাকা অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “তাইজের সেই পরিত্যাক্ত হোটেলটিকে হুথিরা একটি পর্যবেক্ষণ কেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থানে পরিণত করেছিল, যেখান থেকে তারা আবাসিক এলাকাগুলোতে হুমকি সৃষ্টি করছিল এবং শহরটিতে নিজেদের অবরোধ বজায় রেখেছিল। সরকারি বাহিনী ওই এলাকা থেকে আসা গোলাবর্ষণ বন্ধ করতে অভিযান চালিয়েছে।”
তাইজে এখনো সংঘর্ষ অব্যাহত
তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই এখনো চলছে। শহরটির কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও হুথিরা সাম্প্রতিক সময়ে গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
তাইজের নিয়ন্ত্রণ ও আশপাশের এলাকাগুলোতে সামরিক অবস্থান ধরে রাখার লড়াই ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
কীভাবে শুরু হয়েছিল ইয়েমেনের সংঘাত?
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশটির অন্যান্য কয়েকটি এলাকা দখল করে নেওয়ার পর ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে।
বিজ্ঞাপন
বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে সরকারি বাহিনী এবং তাদের মিত্ররা।
দীর্ঘদিনের এই সংঘাতে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা এখনো বড় চ্যালেঞ্জ। সর্বশেষ অভিযানে হতাহতের বিষয়ে ইয়েমেনি সেনাবাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা না গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
সূত্র: আরব নিউজ, আনাদোলু এজেন্সি








