ফ্লাভিওকে হারিয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে অল্প ব্যবধানে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে তিনি আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্য পরিচিত লুলার এই জয়কে ঘিরে নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল।
বিজ্ঞাপন
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছিল। তখন লুলা পেয়েছিলেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারোর ভোটের হার ছিল ৪৮ দশমিক ২৫ শতাংশ।
দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় ফলাফল নিয়ে উভয় শিবিরেই উৎকণ্ঠা তৈরি হয়। চূড়ান্ত ফলের জন্য দুই পক্ষকেই গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। আগের নির্বাচনে জাইর বলসোনারোকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন লুলা। পরবর্তী সময়ে জাইর বলসোনারোর বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর ঘিরে আইনি জটিলতা তৈরি হয়। এবারের নির্বাচনে বাবার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনেটর ফ্লাভিও, তবে তিনিও লুলার কাছে পরাজিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় রানঅফে। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী চূড়ান্ত দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজ্ঞাপন
প্রথম দফায় ফ্লাভিও বলসোনারো সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, আর লুলা ছিলেন দ্বিতীয় অবস্থানে। তবে রানঅফে ফল উল্টে দিয়ে জয় পান লুলা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী রানঅফে গিয়ে পরাজিত হয়েছেন।
সূত্র: বিবিসি, আলজাজিরা ও রয়টার্স








