Logo

নেতানিয়াহুর বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৫
নেতানিয়াহুর বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের জরিপে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, জরিপের ফল সঠিক হলে নেতানিয়াহুর পক্ষে আবারও প্রধানমন্ত্রী হওয়া ‘প্রায় অসম্ভব’ হয়ে পড়বে।

বিজ্ঞাপন

বুথফেরত জরিপ অনুযায়ী, নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেতে পারে ৫২টি আসন। আরব জোটের ঝুলিতে যেতে পারে ১৮টি আসন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর জোট ৬৪টি আসন পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে ৫০-এ নেমে আসতে পারে। ইসরায়েলে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো জোটই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

নেতানিয়াহুর জোটের আসন কমে যাওয়ায় তাঁর পক্ষে সরকার গঠন কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের জোট আরব জোটের সঙ্গে যুক্ত হলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে নির্বাচনের আগে আইজেনকোট জানিয়েছিলেন, আরবদের সঙ্গে জোট করে সরকার গঠন করবে না তাঁর দল।

বিজ্ঞাপন

এ কারণে বিরোধী জোটের সরকার গঠন নিয়েও অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হলে আইজেনকোট ও তাঁর জোটকে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করতে হবে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডোভ ওয়েক্সম্যান আলজাজিরাকে বলেন, বুথফেরত জরিপের তথ্য সঠিক হলে নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে থাকা ‘প্রায় অসম্ভব’ হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। তবে তাঁর জোট ৫০টি আসন পেতে পারে, যেখানে ২০২২ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ৬৪। এই আসন কমে যাওয়াই নেতানিয়াহুর জন্য পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়া কঠিন করে তুলেছে।

একক দল হিসেবেও লিকুদের আসন কমতে পারে। গত নির্বাচনে দলটি ৩২টি আসন পেয়েছিল। এবার তা কমে ২৫টিতে দাঁড়াতে পারে।

আরেক বিশেষজ্ঞের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলে কয়েক মাসের মধ্যে আবারও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশেষজ্ঞ ইহাব জাবলিন আলজাজিরাকে বলেন, বুথফেরত জরিপে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস পাওয়া গেছে। তবে বিরোধীদের জন্যও সরকার গঠন কঠিন হয়ে পড়েছে। আলোচনার মাধ্যমে বিরোধীরা সরকার গঠন করতে না পারলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

এদিকে বুথফেরত জরিপের ফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গাদি আইজেনকোট। তিনি বলেন, জরিপের ফল সঠিক হলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, জনগণ নেতানিয়াহুর সরকারকে প্রত্যাখ্যান করেছেন।

কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে নতুন সরকার গঠন জটিল হয়ে পড়েছে। এই অচলাবস্থা কাটাতে ব্যর্থ হলে নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্লেষকদের আশঙ্কা, এ অবস্থায় তিনি আরও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এমনকি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD