Logo

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৩:০২
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে?
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না—এমন ইঙ্গিত মিলেছে বুথফেরত জরিপে। এ পরিস্থিতিতে দেশটির পরবর্তী সরকার গঠন, প্রেসিডেন্টের ভূমিকা এবং সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৯টি আসন। আরব লিস্ট পেতে পারে ১৯টি আসন।

ফলে ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

নির্বাচনের এই অচলাবস্থার মধ্যে আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিক ফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর সরকার গঠনের জন্য যোগ্য ব্যক্তিকে তিনি দায়িত্ব নেওয়ার আহ্বান জানাবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মনোনীত নেতা সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারলে প্রেসিডেন্ট অন্য কাউকে সরকার গঠনের সুযোগ দিতে পারেন। শেষ পর্যন্ত সমাধান না হলে ৯০ দিনের মধ্যে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচনের ফল নিয়ে গাদি আইজেনকোট বলেন, নেতানিয়াহুর প্রতি জনগণের ‘আস্থার সংকট’ রয়েছে, যা বুথফেরত জরিপে স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেন, নেতানিয়াহুর জোট ‘শোচনীয় পরাজয়ের’ মুখোমুখি হয়েছে এবং জনগণ তাদের বাড়ি ফিরে যেতে বলেছে।

বিজ্ঞাপন

বিরোধীদের এমন বক্তব্যকে ‘আগাম উদ্‌যাপন’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও লিকুদ পার্টির রাজনীতিবিদ গিদিয়ন সার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘লিকুদ ইসরায়েলের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অতীত থেকে শিক্ষা নেওয়া সব সময়ের জন্যই ভালো।’

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক এহাব জাবারিন বলেন, ‘নেতানিয়াহু চূড়ান্ত বিজয়ী হয়েছেন কিংবা তাঁর রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে—কোনোটিই বলার সময় এখনো আসেনি।’

তিনি আরও বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোনো পক্ষই সরকার গঠন করতে না পারলে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেরুজালেমে নিজ দলের সমর্থকদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’

এর আগে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার কারণে ইসরায়েলে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরে ক্ষমতা ভাগাভাগির চুক্তির মাধ্যমে সংকটের সমাধান হয়। বর্তমান পরিস্থিতিও দীর্ঘ রাজনৈতিক দর-কষাকষির দিকে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD