Logo

আরব দলগুলো ভোট ‘চুরি’ করেছে, অভিযোগ নেতানিয়াহুর দলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ২৪:৪৪
আরব দলগুলো ভোট ‘চুরি’ করেছে, অভিযোগ নেতানিয়াহুর দলের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে আরব দলগুলোর উল্লেখযোগ্য সাফল্যের পর ভোট কারচুপির অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটির দাবি, অনিয়মের মাধ্যমে আরব দলগুলো প্রত্যাশার চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। তবে অভিযোগের পক্ষে কী ধরনের প্রমাণ রয়েছে, তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছে লিকুদ।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, নির্বাচনে আরব দলগুলো ভোট ‘চুরি’ করেছে। তাদের অভিযোগ, সন্ত্রাসবাদে সমর্থন, দুর্নীতি, হুমকি, সহিংসতা ও মিথ্যাচারের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করার অভিযোগও তুলেছে দলটি।

বিবৃতিতে লিকুদ বলেছে, “ইসরায়েলের নির্বাচন আরব দলগুলোর দ্বারা চুরি হয়েছে। যারা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং গুরুতর দুর্নীতি, হুমকি, সহিংসতা, মিথ্যাবাদের মাধ্যমে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নির্মূল করতে চায়। তারা নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। আমরা এসবের প্রমাণ কর্তৃপক্ষকে প্রদান করছি।”

এদিকে নির্বাচনের সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট ভোটের ৮৫ শতাংশ গণনা শেষ হওয়ার পর দুই প্রধান আরব দল রা’ম ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে নেসেটের ১২০টি আসনের মধ্যে ১৯টি পেতে যাচ্ছে। এই ফলাফল ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব জনগোষ্ঠীর। অতীতের নির্বাচনে তাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম থাকলেও এবারের ভোটে উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যেই আরব ভোটারদের অনেকে সক্রিয়ভাবে ভোট দিয়েছেন।

আরব দলগুলোর এই অগ্রগতি এবং লিকুদ পার্টির অভিযোগের পর নির্বাচনের ফলাফল ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। তবে ভোট চুরির অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD