Logo

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬, ১৫:২৩
SDFDSAFADSFDF
ছবি: সংগৃহীত

ইরানের দাবি মেনে যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে ইরানের অবস্থানকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, “এই অঞ্চলের নিরাপত্তা আগে যেমন ছিল সেটি ঠিক ওই জায়গায় ফিরতে হবে। এজন্য প্রয়োজন এই অঞ্চলের বাস্তবতাকে মেনে নেওয়া এবং যে পথ এই অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্ন করে সেটি পরিহার করা।”

তিনি আরও বলেন, আরব দেশগুলোকেও বুঝতে হবে তারা কার পক্ষে অবস্থান করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ সামরিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই সংঘাত শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

যৌথ হামলার পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এরপর থেকে ইরান জানিয়ে আসছে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই নৌপথ আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—বিদেশে জব্দ করা দেশটির সম্পদ অবমুক্ত করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের অবসান ঘটানো। তেহরানের দাবি, ওয়াশিংটন এসব শর্ত মেনে নিলে মাত্র দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।

এদিকে, গত ১০ দিনে হরমুজ প্রণালি এলাকায় প্রায় ৫০টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলার জন্য ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD