পাকিস্তানে শ্রমিকদের বহনকারী গাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে খনিশ্রমিকদের বহনকারী দুটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) প্রদেশটির দুর্গম কোহলু জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে শ্রমিকদের বহনকারী দুটি গাড়ি ছিনতাই করে। পরে গাড়িতে থাকা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহ, হামলার পেছনে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা জড়িত থাকতে পারে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকদেরও লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
বেলুচিস্তানে খনিশ্রমিকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। এর আগেও প্রদেশটিতে শ্রমিকদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।
২০২৪ সালের ১১ অক্টোবর দুকি জেলার একটি কয়লাখনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ শ্রমিক নিহত হন। আহত হন আরও ছয়জন। সেদিন শ্রমিকদের আবাসস্থলে ঢুকে গুলি চালানোর পাশাপাশি রকেট ও গ্রেনেড ব্যবহার করে হামলাকারীরা।
এর আগে ২০২১ সালের ৩ জানুয়ারি মাচ এলাকায় ১১ কয়লাশ্রমিককে অপহরণের পর হত্যা করা হয়। নিহত সবাই ছিলেন হাজারা সম্প্রদায়ের। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অঞ্চলটির সীমান্ত রয়েছে ইরান ও আফগানিস্তানের সঙ্গে। দীর্ঘদিন ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ও সশস্ত্র হামলা চলছে।
পাকিস্তানের অভিযোগ, প্রতিবেশী দুই দেশ সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তান ও ইরান।
সূত্র: আনাদোলু এজেন্সি








