এক শর্তে পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে তেহরান

দীর্ঘদিন ধরে নিজেদের পরমাণু কর্মসূচিকে বেসামরিক জ্বালানি ও গবেষণার কাজে ব্যবহারের দাবি করে আসছে ইরান। তবে ইউ রেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক নজরদারি এবং সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। এবার পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার সামনে শর্ত দিয়েছে তেহরান।
বিজ্ঞাপন
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা না জানানো পর্যন্ত জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এসব স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংস্থাটি সামরিক হামলার নিন্দা জানাতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত হুমকি ও হামলার মুখে থাকা স্থাপনাগুলো পরিদর্শনের দাবি জানাতে পারে না।’
এ সময় ভূগর্ভে পরমাণু স্থাপনা নির্মাণের বিষয়েও ব্যাখ্যা দেন এসলামি। তিনি বলেন, ‘তারা বলছে, ইরান কিছু গোপন করছে এবং ভূগর্ভে স্থাপনা তৈরি করেছে। কিন্তু এই পদক্ষেপ গোপনীয়তার কারণে নেওয়া হয়নি। বরং গত ৩০ বছরে আমেরিকান-জায়নবাদী আন্দোলন বিভিন্নভাবে ইরানের পরমাণু শিল্পকে যেভাবে ঝুঁকির মুখে ফেলেছে এবং হামলা চালিয়েছে, তার ফলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এসব স্থাপনা ভূগর্ভে নির্মাণ করা হয়েছে।’
যুদ্ধজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একাধিকবার ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’।
সূত্র: আল জাজিরা








