নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠন করছেন গাদি আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মধ্য-ডানপন্থী ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট। রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে তাঁকে ছাড়াই নতুন সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন সাবেক এই সেনাপ্রধান।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের পরিবর্তে তাঁকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের চেষ্টা করবেন আইজেনকট।
চলতি মাসে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। এর আগে অনুষ্ঠিত প্রথম বৈঠকটিকে আইজেনকটের জন্য নিরাপত্তাবিষয়ক ব্রিফিং হিসেবে উল্লেখ করা হয়েছিল। গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর সরকার গঠন নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা শুরু হয়। ওই নির্বাচনে কোনো পক্ষই এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
রোববারের বৈঠক শেষে নেতানিয়াহু ও আইজেনকট এক যৌথ বিবৃতিতে জানান, তাঁদের আলোচনা ছিল আনুষ্ঠানিক। বৈঠকে দুই পক্ষের মধ্যে বিদ্যমান উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা করা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ভবিষ্যতে দুই নেতার মধ্যে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আইজেনকট নেতানিয়াহুকে বলেছেন, ‘‘আমি জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর আপনি চাইলে যোগ দিতে পারেন।’’
আইজেনকটের একজন মুখপাত্রও ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার নেতানিয়াহু জানিয়েছিলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠিত হলে তিনি সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী এই প্রধানমন্ত্রী লিকুদ পার্টি ও ইয়াশার দলের মধ্যে সম্ভাব্য চুক্তির আওতায় পর্যায়ক্রমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিলেন।
এদিকে নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। এ জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন তিনি। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
গত সপ্তাহে বামপন্থী ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি করেছেন আইজেনকট। এসব দলের সমর্থন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করছেন তিনি।
নির্বাচনে আইজেনকট ও তাঁর সম্ভাব্য জোটসঙ্গীরা মোট ৪৮টি আসন পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর সমন্বয়ে গঠিত জোট পেয়েছে ৫৩টি আসন। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
এ অবস্থায় নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা না হলে অতি-রক্ষণশীল ইহুদি ও আরব দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করতে পারেন আইজেনকট।
রোববারের বৈঠকের পর ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘এখন এমন একটি সরকার গঠনের সময় এসেছে যা প্রকৃত পরিবর্তন আনবে...।’’
সূত্র: রয়টার্স।








