Logo

যৌতুকে দামি গাড়ি চেয়েছিল বরপক্ষ, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬, ১৯:২৯
ugiuioasdf
ছবি: সংগৃহীত

বিয়ের আয়োজন প্রায় চূড়ান্ত। দুই পরিবারের মধ্যে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু যৌতুক হিসেবে দামি গাড়ি দাবি করায় শেষ পর্যন্ত ভেঙে গেল বিয়ে। বরপক্ষের সেই দাবির জবাবে আসল গাড়ির পরিবর্তে প্লাস্টিকের খেলনা থার গাড়ি উপহার দিয়ে বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণা দিলেন কনের বাবা। ব্যতিক্রমী এই প্রতিবাদ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার ভাবনপুর থানার অন্তর্গত জ্ঞানপুর গ্রামে। শনিবার (২৮ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুর গ্রামের এক যুবকের সঙ্গে পরতাপুর থানার সালওয়ানা গ্রামের এক তরুণীর বিয়ের কথা চূড়ান্ত হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে নগদ এক লাখ রুপি এবং বিভিন্ন উপহারসামগ্রী দিয়েছিল।

তবে বিয়ের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরপক্ষের চাহিদাও বাড়তে থাকে বলে অভিযোগ। প্রায় এক মাস আগে বরপক্ষ একটি জমি বিক্রি করে। এ খবর জানার পর যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করে তারা। কনের পরিবার একাধিকবার বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করলেও বরপক্ষ নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

এরপর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লাগ্নপত্র’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান কনের বাবা। সকাল থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতার প্রস্তুতি। কিন্তু বরপক্ষের জন্য অপেক্ষার অবসান ঘটে এক অপ্রত্যাশিত ঘটনায়।

প্রতিবেদন অনুযায়ী, সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত বরপক্ষকে অপেক্ষায় রাখেন কনের বাবা। পরে তাদের হাতে তুলে দেন প্লাস্টিকের তৈরি একটি খেলনা থার গাড়ি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৯০ সেকেন্ডের ভিডিওতে কনের বাবাকে বলতে শোনা যায়, ‘এই নিন, হাতে ধরুন। আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’

ভিডিওতে তিনি আরও জানান, বরপক্ষ সকাল থেকেই গাড়ির জন্য অপেক্ষা করছিল। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে খেলনা গাড়ি উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাগদান ও বিয়ে বাতিলের আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি।

বরপক্ষের যৌতুকের দাবির কাছে নতি স্বীকার না করে এভাবেই প্রতিবাদ জানান কনের বাবা। তাঁর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অর্থ কিংবা দামি উপহারের বিনিময়ে মেয়ের বিয়ে দিতে রাজি নয় পরিবারটি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রতিবাদের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD