আজ টেডি ডে: রঙে রঙে ভালোবাসা আর যত্নের প্রকাশ

ভালোবাসার সপ্তাহের চতুর্থ দিন আজ টেডি ডে। ভালোবাসা প্রকাশের এই বিশেষ দিনে প্রিয়জনকে টেডি উপহার দেওয়ার রীতি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। কার্ড, ফুল কিংবা চকোলেটের পাশাপাশি টেডি এখন ভালোবাসা জানানোর অন্যতম অনন্য মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে।
বিজ্ঞাপন
টেডি উপহার দেওয়ার মধ্যে রয়েছে এক ধরনের স্থায়ী আভিজাত্য। ফুলের মতো শুকিয়ে যাওয়ার ভয় নেই, চকোলেটের মতো মেয়াদ শেষ হওয়ার আশঙ্কাও নেই। একটি টেডি বছরের পর বছর ধরে ভালোবাসার স্মৃতি হয়ে প্রিয়জনের কাছে থেকে যায়।
আরও পড়ুন: ভালোবাসা লুকোনোর দিন শেষ, আজ প্রোপজ ডে
টেডি উপহার হিসেবে জনপ্রিয় হলেও এর পেছনে রয়েছে এক হৃদয়ছোঁয়া ইতিহাস। বিশ শতকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একবার শিকারে যান। সে সময় তাঁর সহকারীরা একটি কালো ভাল্লুক ধরে গাছের সঙ্গে বেঁধে সেটিকে গুলি করার পরামর্শ দেন। তবে এই ঘটনাটি একেবারেই পছন্দ হয়নি রুজভেল্টের। তিনি ভাল্লুকটিকে হত্যা করতে অস্বীকৃতি জানান এবং পরে সেটিকে মুক্ত করে দেন।
বিজ্ঞাপন
প্রেসিডেন্টের এই মানবিক আচরণের ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান এই ঘটনাকে ব্যঙ্গচিত্রে রূপ দেন, যা ১৯০২ সালের ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত হয়। ওই ব্যঙ্গচিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে ব্যবসায়ী মরিস মিচটম ও তাঁর স্ত্রী রোজ ভাল্লুকের আদলে একটি খেলনা তৈরি করেন। পরে সেটি প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নামে উৎসর্গ করে নামকরণ করা হয় ‘টেডির বিয়ার’।
রুজভেল্টের নাম ব্যবহারের অনুমতি পাওয়ার পর টেডি বিয়ার দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় রাশিয়ান বংশোদ্ভূত মরিস মিচটম ‘আইডিয়াল টয়’ কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই টেডি বিয়ারই আজ ভালোবাসা ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।
টেডি ডে উপলক্ষে প্রিয়জনকে কোন রঙের টেডি উপহার দেওয়া হচ্ছে, তারও রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ।
বিজ্ঞাপন
লাল টেডি
লাল রঙের টেডি গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক। এটি একটি সম্পর্কের দৃঢ়তা ও ভালোবাসার তীব্রতা প্রকাশ করে।
গোলাপি টেডি
বিজ্ঞাপন
গোলাপি রঙের টেডি মূলত প্রস্তাব গ্রহণের ইঙ্গিত দেয়। উপহার গ্রহণ করা হলে তা ভালোবাসার প্রস্তাবে ইতিবাচক সাড়া হিসেবে ধরা হয়।
আরও পড়ুন: আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন
কমলা টেডি
বিজ্ঞাপন
কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচকতার প্রতীক। এটি একটি সম্ভাব্য প্রস্তাব বা নতুন সম্পর্কের ইঙ্গিত বহন করে।
নীল টেডি
নীল রঙের টেডি গভীর ও আন্তরিক ভালোবাসার প্রকাশ। এটি বোঝায় প্রিয়জনের প্রতি ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের সৌভাগ্য।
বিজ্ঞাপন
সবুজ টেডি
সবুজ টেডি দৃঢ় প্রতিশ্রুতি ও নিবিড় মানসিক সংযোগের প্রতীক। এটি বিশ্বাসভিত্তিক ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেয়।
ভালোবাসার এই দিনে সঠিক রঙের টেডি উপহার দিয়ে অনুভূতিগুলো প্রকাশ করলে তা হয়ে ওঠে আরও অর্থবহ—আর সেই সঙ্গে স্মরণ করিয়ে দেয় ভালোবাসার প্রতীক টেডির শতাব্দীপ্রাচীন গল্প।
বিজ্ঞাপন








