Logo

বাংলাদেশের কত জেলা ঘুরেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৭:৪২
বাংলাদেশের কত জেলা ঘুরেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে
ছবি: ফেসবুক থেকে নেওয়া।

বাংলাদেশকে কাছ থেকে চেনার অন্যতম চমৎকার উপায় ভ্রমণ। পাহাড়, সমুদ্র, নদী, হাওর কিংবা সবুজ চরাঞ্চল—বৈচিত্র্যে ভরা এই দেশে আটটি বিভাগে রয়েছে ৬৪টি জেলা। কিন্তু এতদিনে ঘুরে দেখা জেলার সংখ্যা ঠিক কত, তার হিসাব অনেকেরই হয়তো মনে নেই। এই হিসাবকে রঙিন ক্যানভাসে চোখের সামনে ফুটিয়ে তুলতে নেটদুনিয়ায় এখন দারুণ সাড়া ফেলেছে একটি ডিজিটাল ভ্রমণ ম্যাপ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঘুরে দেখা জেলার মানচিত্র তৈরি ও শেয়ার করার একটি প্রবণতা সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই মানচিত্রের মাধ্যমে একদিকে যেমন এখন পর্যন্ত ঘুরে দেখা জেলার হিসাব রাখা যায়, অন্যদিকে বাকি জেলাগুলো ঘুরে দেখার পরিকল্পনাও করা যায়।

খুব সহজেই নিজের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে কয়েকটি ধাপে তৈরি করা যায় এই ভ্রমণ ম্যাপ। পদ্ধতিটি জেনে নিন—

ওয়েবসাইটে প্রবেশ

বিজ্ঞাপন

এই ভ্রমণ ম্যাপ বানানোর জন্য আপনাকে যেতে হবে https://unseenbangladesh.com/ ওয়েবসাইটে। বাংলাদেশের জন্য ভালোবাসা দিয়ে এই ভ্রমণ ম্যাপ বানিয়েছেন ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন।

জেলা নির্বাচন

ওয়েবসাইটে ঢুকে আপনি যে জেলাগুলোতে গিয়েছেন সেগুলো বেছে নিন। এখানে আটটি বিভাগে ৬৪ জেলার নাম দেওয়া আছে। আপনি জেলাগুলো ক্লিক করে বাছাই করতে পারেন। আবার পাশে থাকা বাংলাদেশের মানচিত্র থেকে জেলায় সরাসরি ক্লিক করেও যেসব জেলায় গিয়েছেন তা বাছাই করতে পারেন। চাইলে জেলার নাম লিখে খুঁজেও বের করা যায়।

বিজ্ঞাপন

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, সেগুলোর সংখ্যা ম্যাপের সঙ্গে দেখাবে। যেমন ৬৪ জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে আপনার ভ্রমণের হিসাব হবে ১০/৬৪। সব জেলা একবারে নির্বাচন করার জন্য ‘সব বাছাই করুন’, আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে ‘সব মুছুন’ অপশনও রয়েছে।

এভাবে কয়েকটি ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।

আকর্ষণীয় থিম নির্বাচন

বিজ্ঞাপন

শুধু জেলা বাছাই নয়, আছে নিজের মতো সাজানোর সুযোগও। ভ্রমণম্যাপকে আরও ব্যক্তিগত করে তুলতে রয়েছে থিম বেছে নেওয়ার সুযোগ। নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো যায়।

ওয়েবসাইটে পাঁচটি থিম দেওয়া আছে। আপনি যে কোনো একটি থিম পছন্দ করে তা ম্যাপে কেমন দেখায় দেখে নিতে পারেন।

নাম ও ছবি যুক্তকরণ

বিজ্ঞাপন

এরপর আপনি চাইলে এই ভ্রমণ ম্যাপের সঙ্গে আপনার ছবি যুক্ত করতে পারেন। আপনার নাম লেখারও অপশন আছে। আপনি চাইলে নাম লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন। এটি ঐচ্ছিক রাখা হয়েছে।

নাম যুক্ত করলে ম্যাপের ওপরে সেটি প্রদর্শিত হবে। নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ম্যাপ ডাউনলোড

বিজ্ঞাপন

যাবতীয় তথ্য সাজানো শেষে পাতার নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ বাটনে ক্লিক করে এটি PNG, JPG অথবা PDF ফরম্যাটে ডাউনলোড করে নেওয়া যাবে। এরপর সহজেই ছবিটি আপনার ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক মাধ্যমে পোস্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD