আজ ডিজিটাল জঞ্জাল সরিয়ে ডেস্কটপ গোছানোর দিন

প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এসব ডিভাইসে জমছে নানা ধরনের ফাইল, ছবি, নথি ও অব্যবহৃত অ্যাপ্লিকেশন। অপ্রয়োজনীয় উপকরণের ভিড়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। ডিজিটাল কর্মপরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার বিষয়ে সচেতনতা বাড়াতে আজ সোমবার (১৯ অক্টোবর) পালিত হচ্ছে জাতীয় ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস।
বিজ্ঞাপন
প্রতি বছর অক্টোবর মাসের তৃতীয় সোমবার দিবসটি পালন করা হয়। সেই হিসাবে ২০২৬ সালে ১৯ অক্টোবর দিবসটি পালিত হচ্ছে। কম্পিউটারের ডেস্কটপ থেকে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে প্রয়োজনীয় তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণে মানুষকে উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।
নতুন কম্পিউটার ব্যবহারের শুরুতে ডেস্কটপ সাধারণত বেশ পরিচ্ছন্ন থাকে। কিন্তু সময়ের সঙ্গে সেখানে জমতে থাকে বিভিন্ন ফাইল, ছবি, শর্টকাট ও অ্যাপ্লিকেশন। একপর্যায়ে প্রয়োজনীয় নথি খুঁজে পেতে ভোগান্তি তৈরি হয়। পাশাপাশি ডিজিটাল কর্মপরিবেশও হয়ে ওঠে বিশৃঙ্খল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডিজিটাল ফাইল গুছিয়ে রাখলে কাজের সময় সাশ্রয় হয় এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায়। পুরোনো নথি নির্দিষ্ট ফোল্ডারে রাখা, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন স্টার্ট মেনুতে পিন করে রাখার মাধ্যমে ডেস্কটপ পরিচ্ছন্ন রাখা সম্ভব।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে কম্পিউটার ও স্মার্টফোন থেকে অব্যবহৃত অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলা, ছবি ও নথির নাম সঠিকভাবে সাজানো এবং ই-মেইলের অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল পেনড্রাইভ বা অন্য কোনো নিরাপদ সংরক্ষণমাধ্যমে ব্যাকআপ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। এ জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার হালনাগাদ রাখা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করা প্রয়োজন। এতে ডিভাইসের সুরক্ষা বজায় রাখার পাশাপাশি তথ্য হারানোর ঝুঁকি কমাতেও সহায়তা পাওয়া যায়।
যেভাবে পালন করবেন দিবসটি
বিজ্ঞাপন
ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবসে কম্পিউটারের ডেস্কটপ থেকে অপ্রয়োজনীয় আইকন ও ফাইল সরিয়ে প্রয়োজনীয় নথিগুলো আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখা যেতে পারে। পুরোনো নথি আর্কাইভে সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখাও এ দিনের অন্যতম করণীয়।
এ ছাড়া প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ ব্যক্তিরা পরিবারের সদস্য ও পরিচিতদের কম্পিউটার গুছিয়ে রাখা এবং ডিভাইসের কার্যকারিতা বজায় রাখার বিষয়ে সহায়তা করতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ ভাগ করে নিতে ব্যবহার করা যেতে পারে #CleanYourVirtualDesktopDay হ্যাশট্যাগ।
উল্লেখ্য, কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যান্টফোর্ডে অবস্থিত পারসোনাল কম্পিউটার জাদুঘর দিবসটি চালু করে। প্রযুক্তির ব্যবহারকে উদযাপন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটারকে সচল ও কার্যকর রাখার বিষয়ে সচেতনতা তৈরি করাই দিবসটির অন্যতম লক্ষ্য।
বিজ্ঞাপন
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার








