একটি অন্তর্বাসের দাম ৬১৭ কোটি টাকা, কী আছে এতে?

দীর্ঘ আট বছর পর আবারও র্যাম্পে ফিরেছে ভিক্টোরিয়াস সিক্রেটের আলোচিত ‘ফ্যান্টাসি ব্রা’। এবারের বিশেষ নকশার ব্রাটি পরে র্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টেলিভিশন তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে সাজানো এই ব্রাটির দাম ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১৭ কোটি টাকার বেশি।
বিজ্ঞাপন
মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরেছে ফ্যান্টাসি ব্রা। এর প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে নকশা ও অলংকারে বিশেষ আয়োজন করেছে ব্র্যান্ডটি। ব্রাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। এর মাঝখানে বসানো হয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের বিরল হলুদ হীরা।
ব্রাটি তৈরি করতে ১৫ জন কারিগরের এক হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে। এর ওজন প্রায় চার পাউন্ড। ভিক্টোরিয়াস সিক্রেটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি ফ্যান্টাসি ব্রা। আগের রেকর্ডের তুলনায় এর দাম প্রায় সাড়ে তিন কোটি মার্কিন ডলার বেশি।
র্যাম্পে কাইলি জেনারের পরনে ছিল হালকা কাপড়ের মিনিস্কার্ট, স্বচ্ছ হিল ও সাদা পালকের ডানা। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হয়ে ওঠে হীরাখচিত ব্রাটি। এর বিপুল মূল্য ও ব্যতিক্রমী নকশা ফ্যাশনপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
বিজ্ঞাপন
ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান জানান, এবারের ফ্যাশন শোর অন্যতম ভাবনা ছিল ভক্তদের উন্মাদনা ও প্রত্যাশা। গত বছরের শোতে ফ্যান্টাসি ব্রা ফিরিয়ে আনার দাবি সবচেয়ে বেশি ছিল। সে কারণেই এবার জমকালো আয়োজনে এটি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর ভাষায়, কাইলি একজন ‘সাংস্কৃতিক শক্তি’, যিনি ফ্যাশন, টেলিভিশন ও সৌন্দর্যজগতের বাইরেও ব্যাপক প্রভাব রাখেন।
ব্রাটির অলংকার তৈরির দায়িত্বে ছিল গয়না নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো জানান, এতে সাত ধরনের কাটের হীরা ব্যবহার করা হয়েছে। হীরার উজ্জ্বলতা বাড়াতে প্রয়োগ করা হয়েছে চার ধরনের সেটিং কৌশল।
তবে এত দামি অলংকার তৈরি করাই ছিল একমাত্র চ্যালেঞ্জ নয়। ব্রাটি যেন কাইলির শরীরের সঙ্গে মানানসই হয় এবং চলাফেরায় কোনো অসুবিধা না হয়, সেটিও নিশ্চিত করতে হয়েছে নির্মাতাদের। কারণ, নকশাটি তৈরি হয়েছে মূলত সোনা ও হীরা দিয়ে; এতে কোনো কাপড় ব্যবহার করা হয়নি। কাইলির শরীরের মাপ নিয়ে একাধিকবার পরীক্ষা ও সমন্বয়ের পর চূড়ান্ত নকশা তৈরি করা হয়।
বিজ্ঞাপন
ফ্যান্টাসি ব্রার ইতিহাস প্রায় ৩০ বছরের। ১৯৯৬ সালে ক্লডিয়া শিফার এক মিলিয়ন ডলারের প্রথম ফ্যান্টাসি ব্রা পরে প্রচারণায় অংশ নেন। ১৯৯৯ সালে হেইডি ক্লুম পরেছিলেন ১০ মিলিয়ন ডলারের ‘মিলেনিয়াম ব্রা’।
২০০০ সালে জিসেল বুন্ডশেনের পরনে ছিল ১৫ মিলিয়ন ডলারের ‘রেড হট ফ্যান্টাসি ব্রা’। এরপর ২০১৮ সালে এলসা হস্ক পরেছিলেন এক মিলিয়ন ডলারের অ্যাটেলিয়ার স্বরোভস্কি ফ্যান্টাসি ব্রা। দীর্ঘ বিরতির পর এবার নতুন নকশা ও রেকর্ডমূল্যের ব্রা নিয়ে আলোচনায় এসেছে ব্র্যান্ডটি।
ফ্যাশন দুনিয়ায় ফ্যান্টাসি ব্রা একদিকে প্রচারণার বড় আকর্ষণ, অন্যদিকে এটি গয়না নির্মাণের জটিল কারিগরি দক্ষতারও উদাহরণ। ভিক্টোরিয়াস সিক্রেটের ভাষ্য, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভক্তদের প্রত্যাশা পূরণ করা এবং তাঁদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়া।
বিজ্ঞাপন
সূত্র: ভোগ








