এজলাসে প্রবেশাধিকার চেয়ে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং নির্বিঘ্ন সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আদালত একটি উন্মুক্ত স্থান হিসেবে বিবেচিত, যেখানে বিচার কার্যক্রম সাধারণ মানুষের জন্যও পর্যবেক্ষণযোগ্য। সেই প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এবং এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
বিজ্ঞাপন

তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকরা আপিল বিভাগের এজলাসে অবাধে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তবে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে মৌখিকভাবে এই প্রবেশাধিকার সীমিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সকল উন্মুক্ত স্থানে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকা প্রয়োজন। তাই দ্রুত এজলাসে প্রবেশের বিধিনিষেধ তুলে নিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা।
বিজ্ঞাপন
মানববন্ধনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন। এছাড়া সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্ট বিটে কর্মরত শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।








