জনবাণীর ৩০ লাখ ফলোয়ার পূর্তি, ডিআরইউ সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

দৈনিক জনবাণীর ডিজিটাল প্ল্যাটফর্মে ৩০ লাখ (৩ মিলিয়ন) ফলোয়ার পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিজ্ঞাপন
এ উপলক্ষে জনবাণী কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি কেক কেটে এই অর্জন উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং ডিজিটাল বিভাগের সদস্যরা।
এ সময় মাইনুল হাসান সোহেল বলেন, ‘ডিজিটাল যুগে পাঠকের আস্থা ও ভালোবাসাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। দৈনিক জনবাণীর ডিজিটাল প্ল্যাটফর্মে ৩০ লাখ ফলোয়ার অর্জন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমি আশা করি, জনবাণী ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।’
দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম শফিক বলেন, এই অর্জনের পেছনে পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে নির্ভুল, দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী পাঠকদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা কেক কেটে ৩ মিলিয়ন ফলোয়ার অর্জনের সাফল্য উদযাপন করেন এবং দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।








