Logo

শিগগিরই রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’ সই করবে: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০
শিগগিরই রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’ সই করবে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, এ সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করা সম্ভব হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয় উঠে আসে।

ড. ইউনূস পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান। জবাবে শেহবাজ শরিফ জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের ঘন ঘন ও তীব্র হওয়ার বিষয়টি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা করেন, ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের সংস্কার রাজনৈতিক রূপান্তরের জন্য মাইলফলক হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত আলোচনার পর্যায় চলছে এবং দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে ‘জুলাই সনদ’ সই করবে।

এছাড়া বৈঠকে সার্কের কার্যত অচলাবস্থার কারণে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও আলোচনা হয়। বৈঠকের এক পর্যায়ে শেহবাজ শরিফ প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD