Logo

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, জীবন রক্ষার দায়িত্ব পালনের সময় আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যু একটি হৃদয়বিদারক ঘটনা। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, অগ্নি নির্বাপণ বাহিনীর সদস্যরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তায় কাজ করেন। নিজেদের জীবন উৎসর্গ করে অন্যকে বাঁচানোর যে ত্যাগ তারা দেখান, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, কত বড় ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা জানান, এই অগ্নিকাণ্ডে শুধু প্রাণহানি ঘটেনি, বরং ফায়ার সার্ভিসের সদস্যরা সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। তিনি বলেন, "ফায়ার সার্ভিস দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাহসী বাহিনী। সংকটময় সময়ে তারাই প্রথম মানুষের পাশে দাঁড়ায়। আজ সেই মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবন দিতে হলো।"

শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা জানিয়ে বলেন, তাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, বরং দেশের জন্য আত্মত্যাগ করেছেন। জাতির প্রতিটি মানুষ তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট টিনশেড ভবনে থাকা এক কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু কেমিক্যাল ড্রামের বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন এবং একজন দোকানকর্মী দগ্ধ হন। এদের মধ্যে চারজন মারা গেছেন।

নিহতরা হলেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম ও দোকান কর্মচারী বাবু হাওলাদার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD