Logo

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ২০:০১
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের আওতায় সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রতিনিধিদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের মাধ্যমে এই অর্থ সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের নগরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এই কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগর সেবায় নিয়োজিত শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রাখছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি এমন উদ্যোগ তাদের কাজের প্রতি উৎসাহ বাড়ানোর পাশাপাশি সমাজে তাদের অবদানের প্রতি সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD