Logo

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৬:৪২
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার
ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিশুদের পরিবারকে সরকারিভাবে সম্মাননা জানানো হবে। বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারও বিশ্ব শিশু দিবসকে ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত জাতীয় শিশু অধিকার সপ্তাহও পালিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ”। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে এ সপ্তাহকে কেন্দ্র করে।

বিজ্ঞাপন

বিশ্ব শিশু দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিসেফ প্রতিনিধি এবং শিশু প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশুদের অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করবেন। এছাড়া শিশুদের জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা তৈরি করা এবং সমাজে তাদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD