Logo

সম্পদ প্রভাবশালীরা যেন কোনোভাবেই চরের জমি বরাদ্দ না পায়: নুর

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১৬ মার্চ, ২০২৬, ১৯:০১
সম্পদ প্রভাবশালীরা যেন কোনোভাবেই চরের জমি বরাদ্দ না পায়: নুর
ছবি: সংগৃহীত

চরের জমি বণ্টনের ক্ষেত্রে প্রকৃত ভূমিহীনদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, যাদের জমি-সম্পদ রয়েছে বা যারা প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী—তাদের যেন কোনোভাবেই চরের জমি বরাদ্দ না দেওয়া হয়। চরের জমি মূলত সেইসব মানুষের জন্য, যারা সত্যিকার অর্থে ভূমিহীন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা খাল ও এর শাখা খালগুলোর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চরের জমির ক্ষেত্রে যার বৈধ দলিল রয়েছে সে অবশ্যই তার জমি ভোগ করবে। তবে যেসব খাস জমি বা চরাঞ্চলের জমি প্রশাসনের মাধ্যমে লিজ দেওয়া হয়, সেগুলো বিতরণের সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের ভূমিহীন মানুষের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, যাদের নিজস্ব জমি আছে কিংবা আর্থিকভাবে সচ্ছল—তাদের যেন এই জমি না দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলেদের স্বার্থ রক্ষার বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় দেখা যায় নদী বা জলাশয়ে মাছ ধরতে গেলেও জেলেদের ইজারা দিতে হয়, যা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি দূর করতে সরকার উদ্যোগ নেবে।

তিনি বলেন, “জাল যার, জল তার”—অর্থাৎ যাদের জাল রয়েছে এবং যারা প্রকৃত জেলে, তারাই মাছ ধরবে; এই ক্ষেত্রে কোনো ধরনের ইজারা ব্যবস্থা রাখা হবে না।

বিজ্ঞাপন

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, এসব সুবিধা বিতরণের সময় কোনো দলীয় পক্ষপাতিত্ব করা যাবে না। তিনি নির্দেশনা দেন, ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ, বয়স্ক ভাতা এবং অন্যান্য সহায়তা কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়। এ বিষয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং গণঅধিকার পরিষদ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ভূমিহীন মানুষের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা জরুরি। সেই তালিকার ভিত্তিতেই চরের জমি বণ্টন করা হবে, যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে জমির সুবিধা নিতে না পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গলাচিপা-দশমিনা অঞ্চলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনের পর থেকে এলাকায় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে সারাদেশেই নির্বাচনপূর্ব বা পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেনি, যা সরকারের দায়িত্বশীলতার পরিচায়ক।

এর আগে দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে গলাচিপা খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. শহীদ হোসেন চৌধুরী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD