Logo

তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন চমক দেখবে দেশের মানুষ: পুতুল ​

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৬ মার্চ, ২০২৬, ১৮:৫১
তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন চমক দেখবে দেশের মানুষ: পুতুল ​
ছবি প্রতিনিধি।

​পাবনার হেমায়েতপুরে মৃতপ্রায় ‘পদ্মকোল’ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমীন পুতুল। সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার মন্ডলপাড়া এলাকায় পরীর মাঠ সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ প্রকল্পের শুভ সূচনা করেন।

বিজ্ঞাপন

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই আমরা জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। যারা নিজেদের শেকড় ভুলে যায়, ইতিহাস তাদের উপড়ে ফেলে। তাই উন্নয়নের জন্য মাটি ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এক নতুন চমক দেখতে পাবে। সরকারের কার্যক্রমের ওপর আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদ-মন্দিরের ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান এবং কৃষকদের কৃষিঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পহেলা বৈশাখ থেকে দেশব্যাপী কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলেও তিনি ঘোষণা দেন।

বিজ্ঞাপন

খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী পুতুল আরও বলেন, মৃতপ্রায় খালগুলো প্রাণ ফিরে পেলে কৃষি উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই একে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, স্বাভাবিক জীবনযাপন ও কৃষি বিপ্লবের জন্য মরে যাওয়া খাল-নালা খনন অপরিহার্য। এসময় তিনি প্রকল্পের কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর থেকে মন্ডলমোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পদ্মকোল খালটি ৬ ফুট গভীর এবং গড়ে ৪০ ফুট প্রশস্ত করে পুনঃখনন করা হবে। এই খালটি ইছামতী নদীর সঙ্গে সংযুক্ত। খনন কাজ শেষ হলে পদ্মা থেকে ইছামতীতে পানিপ্রবাহ স্বাভাবিক হবে, যা স্থানীয় কয়েক হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই কর্মসূচির আওতায় পাবনা জেলায় পর্যায়ক্রমে মোট ১০৬টি খাল খনন করা হবে।

পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।​এর আগে সকালে পাবনা সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD